মার্ভেল স্টুডিওস এবং সনি পিকচার্সের যৌথ প্রযোজনায় আসন্ন সিনেমা ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ ঘিরে ভক্তদের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।
টম হল্যান্ড আবারও পিটার পার্কার চরিত্রে ফিরছেন এই সিনেমায়। এবার গল্প এগোবে “নো ওয়ে হোম”-এর ঘটনার পর নতুন বাস্তবতায় যেখানে কেউই আর স্পাইডার-ম্যানের পরিচয় জানে না। সবাই ভুলে গেছে তাদের স্মৃতি।
এবারের আলোচনার সিনেমার দৈর্ঘ্য বা রানটাইম নিয়ে। শোনা যাচ্ছে সিনেমাটি ২ ঘণ্টা ৩০ মিনিটের হতে পারে। সিঙ্গাপুরের শ’ থিয়েটারস এবং যুক্তরাজ্যের সিনেওয়ার্ল্ড দুটি সিনেমা চেইনের তালিকায় এমনই সময় উল্লেখ করা হয়েছে। যদিও এখনো এটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়, তবে সঠিক হলে এটি এমসিইউর অন্যতম দীর্ঘ সুপারহিরো সিনেমা হিসেবে জায়গা করে নেবে।
তুলনামূলকভাবে দেখা গেলে, “স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম” ছিল ২ ঘণ্টা ২৮ মিনিট, “ফার ফ্রম হোম” ২ ঘণ্টা ৯ মিনিট এবং “হোমকামিং” ২ ঘণ্টা ১৩ মিনিটের সিনেমা। এই রানটাইম সঠিক হলে এটি এমসিইউর ইতিহাসে চতুর্থ দীর্ঘতম সিনেমা হবে, যেখানে এর উপরে থাকবে শুধু “অ্যাভেঞ্জার্স: এন্ডগেম”, “ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার” এবং “ইটারনালস”।
‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ তে একাধিক গুরুত্বপূর্ণ চরিত্র দেখা যাবে বলে জানা গেছে। এর মধ্যে রয়েছেন ফ্রাঙ্ক কাসল চরিত্রে জন বার্নথাল এবং ব্রুস ব্যানার/হাল্ক চরিত্রে মার্ক রাফালো। দীর্ঘ সময় পর আবারও বড় পর্দায় দেখা যেতে পারে ব্যানারের সেভেজ হাল্ক রূপও। সিনেমাটি পরিচালনা করছেন ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন। সবকিছু ঠিক থাকলে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ মুক্তি পাবে চলতি বছরের ৩১ জুলাই। সূত্র: মুভিওয়েব
কালের সমাজ/এসআর

