টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে মঙ্গলবার মাঠে নামছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপের পরিচিত মুখদের নিয়েই নিজেদের অভিযান শুরু করবে লিওনেল স্কালোনির দল। তাদের প্রথম প্রতিপক্ষ আলজেরিয়া, যারা প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে থাকায় আত্মবিশ্বাসী অবস্থায় রয়েছে।
বিশ্বকাপ শুরুর আগে গত সপ্তাহে আবারও ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছে আর্জেন্টিনা। ২০২৫ সালের জুলাইয়ের পর এই প্রথম এক নম্বরে উঠলো আলবিসেলেস্তেরা। তবে পরিসংখ্যান বলছে, টুর্নামেন্ট শুরুর সময় র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা কোনো দলই শেষ পর্যন্ত বিশ্বকাপ জিততে পারেনি। সেই ইতিহাস বদলানোর চ্যালেঞ্জ এখন মেসিদের সামনে।
কানসাস সিটিতে অনুষ্ঠিতব্য ম্যাচে সবচেয়ে বেশি নজর থাকবে অধিনায়ক লিওনেল মেসির দিকে। ৩৮ বছর বয়সী এই ফরোয়ার্ড খেলতে যাচ্ছেন নিজের রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ।
গত সপ্তাহে মেসি বলেন, “আমি খুবই আনন্দিত। প্রতিটি মুহূর্ত উপভোগ করছি এবং আগের মতোই রোমাঞ্চ অনুভব করছি।”
তবে ম্যাচের আগে কিছুটা দুশ্চিন্তায় রয়েছে আর্জেন্টিনা শিবির। হন্ডুরাসের বিপক্ষে ২-০ গোলের জয়ের ম্যাচে চোট পান লেফট ব্যাক নিকোলাস তালিয়াফিকো। ফলে আইসল্যান্ডের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচে সেন্টার ব্যাক ফাকুন্দো মেডিনাকে ওই পজিশনে খেলাতে হয়।
অন্যদিকে অ্যাস্টন ভিলার হয়ে ইউরোপা লিগের ফাইনালের আগে আঙুলে চোট পাওয়া গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ পুরোপুরি সেরে উঠেছেন। আলজেরিয়ার বিপক্ষে শুরুর একাদশে থাকার সম্ভাবনাই বেশি তার।
তালিয়াফিকো ফিট থাকলে কাতার বিশ্বকাপজয়ী দলের ১১ জন খেলোয়াড়কেই একাদশে দেখা যেতে পারে। স্কালোনি অভিজ্ঞদের ওপরই আস্থা রাখছেন। তৃতীয় টানা দুই বিশ্বকাপ জয়ের লক্ষ্য এখন আর্জেন্টিনার সামনে।
তবে চার বছর আগের সৌদি আরবের বিপক্ষে অঘটনের স্মৃতি এখনও তাজা। বিশ্বকাপের প্রথম ম্যাচেই হার দিয়ে শুরু করেছিল আর্জেন্টিনা। সেই ধরনের চমকই এবার দেখাতে চায় আলজেরিয়া।
গ্রুপ ‘জে’-তে ফেবারিট হিসেবে মাঠে নামছে আর্জেন্টিনা। তবে তাদের বিপক্ষে ভালো ফল করতে পারলে শেষ ষোলোতে যাওয়ার লড়াইয়ে বড় সুবিধা পাবে আলজেরিয়া। একই গ্রুপে তাদের অন্য প্রতিপক্ষ অস্ট্রিয়া ও জর্ডান।
আলজেরিয়া বর্তমানে চার ম্যাচ অপরাজিত। এই সময়ে তারা দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের সঙ্গে ড্র করেছে এবং নেদারল্যান্ডসকে হারিয়েছে ১-০ গোলে। সম্প্রতি কোচ ভ্লাদিমির পেতকোভিচের চুক্তিও ২০২৮ সাল পর্যন্ত বাড়ানো হয়েছে।
দলের ফরোয়ার্ড আনিস হাজ মুসা ও আমিন গুইরি শেষ দুই ম্যাচে মিলিয়ে করেছেন চার গোল। সর্বশেষ প্রীতি ম্যাচে বলিভিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দেয় আফ্রিকার দলটি।
তবে সবচেয়ে বেশি আলোচনায় তরুণ অ্যাটাকিং মিডফিল্ডার ইব্রাহিম মাজা। বায়ার লেভারকুসেনে ‘মাজাদোনা’ নামে পরিচিত এই ২০ বছর বয়সী ফুটবলার আত্মবিশ্বাসী কণ্ঠে বলেছেন, “আমরা মেসিকে হারাতে পারব।”
অন্যদিকে ২০২৫ সালের সেপ্টেম্বরে ইকুয়েডরের কাছে হারার পর টানা সাত ম্যাচ জিতেছে আর্জেন্টিনা। তাই আত্মবিশ্বাসে ভরপুর মেসিরাও।
মেসির ভাষায়, “প্রতিপক্ষের জন্য আর্জেন্টিনার মুখোমুখি হওয়া খুব কঠিন হবে। কারণ আমরা খুব শক্তিশালী এবং ঐক্যবদ্ধ একটি দল।”
কালের সমাজ/এসআর

