ঢাকা সোমবার, ১৫ জুন, ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩

ফিট হলেও বেঞ্চে থেকেই শুরু করবেন লামিন ইয়ামাল

স্পোর্টস ডেস্ক | জুন ১৫, ২০২৬, ০২:২১ পিএম ফিট হলেও বেঞ্চে থেকেই শুরু করবেন লামিন ইয়ামাল

বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে কেপ ভার্দের মুখোমুখি হচ্ছে স্পেন। তবে ম্যাচের আগেই বড় সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন দলটির প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে- পূর্ণ ফিট থাকলেও তরুণ তারকা লামিন ইয়ামাল শুরু করবেন বেঞ্চ থেকে।

বার্সেলোনার এই উইঙ্গার এপ্রিলের ২২ তারিখে ক্লাব পর্যায়ে চোট পাওয়ার পর থেকেই পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছিলেন। ফলে বিশ্বকাপ শুরুর আগে তার ফিটনেস নিয়ে কিছুটা অনিশ্চয়তা ছিল। তবে কোচ জানিয়েছেন, এখন তিনি পুরোপুরি সুস্থ।

আটলান্টায় ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে দে লা ফুয়েন্তে বলেন, “ভালো খবর হলো লামিন এখন সম্পূর্ণ ফিট। আমরা যে অবস্থায় তাকে চেয়েছিলাম, সে ঠিক সেই অবস্থাতেই এসেছে। সে ভালো আছে, নিকো উইলিয়ামস ও ভিক্টর মুনিওজও একই অবস্থায় আছে।”

তিনি আরও জানান, সবাই খেলতে প্রস্তুত থাকলেও সবাই পুরো ৯০ মিনিট খেলবেন না।

স্প্যানিশ কোচ বলেন, “ডাক্তাররা বলেছে লামিন খেলতে পারবে, তবে পুরো ম্যাচ নয়- কিছু সময়ের জন্য। একই বিষয় নিকো উইলিয়ামসের ক্ষেত্রেও প্রযোজ্য।”

তিনজন খেলোয়াড়ই রোববার জর্জিয়ার কেনেসো স্টেট ইউনিভার্সিটির অনুশীলনে পূর্ণভাবে অংশ নেন। কোচ জানান, তাদের মধ্যে সমন্বয় ও বোঝাপড়া ভালো পর্যায়ে রয়েছে এবং ম্যাচের চাহিদা অনুযায়ী তারা খেলতে পারবেন।

এদিকে স্পেনের লেফট ব্যাক মার্ক কুকুরেয়া নিয়ে ট্রান্সফার গুঞ্জনও আলোচনায় এসেছে। শোনা যাচ্ছে, চেলসি থেকে রিয়াল মাদ্রিদে বড় অঙ্কের চুক্তিতে তিনি যোগ দিতে পারেন।

তবে এই গুঞ্জন নিয়ে দে লা ফুয়েন্তে বলেন, “এটি যদি কারও জন্য ভালো খবর হয়, আমরা আনন্দিত হব। কিন্তু আমি ক্লাব নিয়ে কথা বলি না। জাতীয় দলে কুকুরেয়ার পারফরম্যান্সে আমি সন্তুষ্ট। সে বিশ্বের সেরা লেফট ব্যাকদের একজন হতে পারে।”

স্পেনের গ্রুপ ‘এইচ’-এ অন্য প্রতিপক্ষ সৌদি আরব ও উরুগুয়ে।

কালের সমাজ/এসআর

Link copied!