দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার দাম ভরিপ্রতি ৫ হাজার ৪৮২ টাকা বৃদ্ধি করে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা। সোমবার (১৫ জুন) সকাল ১০টা থেকে এ নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন মূল্যতালিকা প্রকাশ করা হয়।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনা বা পাকা সোনার দাম বৃদ্ধির কারণে দেশের বাজারেও সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর ফলে মাত্র দুই দিনের ব্যবধানে দ্বিতীয় দফায় বাড়ল সোনার দাম।
এর আগে গত ১৩ জুন ২২ ক্যারেট সোনার দাম ভরিপ্রতি ৬ হাজার ৫৯০ টাকা বাড়ানো হয়েছিল। সর্বশেষ বৃদ্ধিসহ দুই দফায় ভালো মানের সোনার দাম বেড়েছে মোট ১২ হাজার ৭২ টাকা।
নতুন সোনার দাম (প্রতি ভরি)
২২ ক্যারেট: ২,৩০,৪২২ টাকা (বৃদ্ধি ৫,৪৮২ টাকা)
২১ ক্যারেট: ২,১৯,৯৮৩ টাকা (বৃদ্ধি ৫,২৪৯ টাকা)
১৮ ক্যারেট: ১,৮৮,৫৪৯ টাকা (বৃদ্ধি ৪,৪৯১ টাকা)
সনাতন পদ্ধতি: ১,৫৩,৫৫৭ টাকা (বৃদ্ধি ৩,৬৭৫ টাকা)
উল্লেখ্য, চলতি মাসের শুরুতে টানা চার দফায় সোনার দাম কমানো হয়েছিল। গত ২ জুন, ৬ জুন, ১০ জুন এবং ১১ জুন পর্যায়ক্রমে মোট ১৯ হাজার ৭৭১ টাকা কমানো হয় ২২ ক্যারেট সোনার ভরিপ্রতি দামে। তবে সেই নিম্নমুখী প্রবণতা স্থায়ী হয়নি। আন্তর্জাতিক বাজার ও স্থানীয় কাঁচা সোনার দামের প্রভাবে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে মূল্য।
রুপার দামও বেড়েছে
সোনার পাশাপাশি রুপার দামও বাড়ানোর ঘোষণা দিয়েছে বাজুস। নতুন মূল্য অনুযায়ী—
২২ ক্যারেট রুপা: ৫,৩৬৫ টাকা (বৃদ্ধি ২৩৩ টাকা)
২১ ক্যারেট রুপা: ৫,১৩২ টাকা (বৃদ্ধি ২৩৩ টাকা)
১৮ ক্যারেট রুপা: ৪,৪৩২ টাকা (বৃদ্ধি ২৩৩ টাকা)
সনাতন পদ্ধতির রুপা: ৩,৩২৪ টাকা (বৃদ্ধি ১৭৫ টাকা)
সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে কাঁচা সোনার সরবরাহ ও ক্রয়মূল্য বেড়ে যাওয়ায় দেশের বাজারেও মূল্য সমন্বয় করতে হয়েছে। ফলে বর্তমানে দেশের ইতিহাসে অন্যতম সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে সোনা।
কালের সমাজ/এএইচবি

