ঢাকা শনিবার, ১৩ জুন, ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

বাজেটের প্রভাব নেই সবজির বাজারে

কালের সমাজ ডেস্ক | জুন ১২, ২০২৬, ১১:৪১ এএম বাজেটের প্রভাব নেই সবজির বাজারে

২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট ঘোষণার পরদিন রাজধানীর সবজির বাজারে তেমন কোনো পরিবর্তন দেখা যায়নি। অধিকাংশ সবজি আগের সপ্তাহের দামের মতোই ৫০ থেকে ৮০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। মৌসুম না থাকায় টমেটো ও শসার দাম তুলনামূলক বেশি রয়েছে।

রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি করলা ৬০ টাকা, গোল বেগুন ৮০ টাকা, লম্বা বেগুন ৭০ টাকা, পটল ৬০ টাকা, ঝিঙা ৬০ টাকা, বরবটি ৮০ টাকা, পেঁপে ৫০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, ধন্দুল ৬০ টাকা এবং ঢেঁড়স ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়া লাউ প্রতি পিস ৭০ থেকে ৮০ টাকা, কাঁচা কলা প্রতি হালি ৫০ টাকা, জালি ৬০ টাকা, মিষ্টি কুমড়া প্রতি কেজি ৫০ টাকা এবং কাঁচা মরিচ প্রতি কেজি ১২০ টাকায় বিক্রি হচ্ছে। টমেটোর দাম কেজিপ্রতি ১০০ থেকে ১২০ টাকা এবং শসা বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজি দরে।

মালিবাগ বাজারে কেনাকাটা করতে আসা বেসরকারি চাকরিজীবী সাইদুর রহমান বলেন, বাজেট ঘোষণার পরদিন বাজারে এসে সবজির দামে কোনো পরিবর্তন দেখেননি। তার ভাষায়, অধিকাংশ সবজির দাম আগের মতোই রয়েছে, যদিও কয়েকটি পণ্যের দাম ১০০ টাকার বেশি।

বাড্ডার একটি বাজারে কেনাকাটা করতে আসা সুলতান আহমেদও বলেন, গত সপ্তাহের তুলনায় সবজির বাজারে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয়নি। বাজেট ঘোষণার প্রভাব এখনো বাজারে পড়েনি।

রামপুরা বাজারের সবজি বিক্রেতা ইয়াসিন আলী জানান, মাসের শুরুতে তুলনামূলক বেশি দাম থাকলেও গত এক সপ্তাহ ধরে বেশিরভাগ সবজির দাম ৫০ থেকে ৮০ টাকার মধ্যে স্থিতিশীল রয়েছে। তবে মৌসুম না থাকায় টমেটো ও শসার দাম এখনও বেশি।

ব্যবসায়ীদের মতে, সরবরাহ স্বাভাবিক থাকায় আপাতত সবজির বাজারে বড় ধরনের মূল্য পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে না।

Link copied!