ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩

স্বাস্থ্যসেবা, নারী ও শিশু কল্যাণে দেশের শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান হলেন মান্দার মোখলেসুর রহমান কামরুল

মান্দা (নওগাঁ) প্রতিনিধি | জুলাই ১৩, ২০২৬, ০৮:৪৮ পিএম স্বাস্থ্যসেবা, নারী ও শিশু কল্যাণে দেশের শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান হলেন মান্দার মোখলেসুর রহমান কামরুল

নওগাঁর মান্দা উপজেলার ৯ নং তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস. এম. মোখলেসুর রহমান (কামরুল) স্বাস্থ্যসেবা, নারী ও শিশু কল্যাণ, পরিবার পরিকল্পনা বাস্তবায়নসহ সাতটি মূল্যায়ন সূচকে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সারাদেশের মধ্যে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে রবিবার (১২ জুলাই) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন। অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নারী ও শিশু স্বাস্থ্যসেবা, পরিবার পরিকল্পনা, জনসংখ্যা নিয়ন্ত্রণ, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, মাতৃস্বাস্থ্য, প্রজনন স্বাস্থ্য এবং জনসচেতনতা—এই সাতটি মূল্যায়ন সূচকে উল্লেখযোগ্য সাফল্যের ভিত্তিতে তাঁকে এ জাতীয় সম্মাননা প্রদান করা হয়।
সম্মাননা প্রাপ্তির পর চেয়ারম্যান এস. এম. মোখলেসুর রহমান বলেন, “এই অর্জন তেঁতুলিয়া ইউনিয়নের সর্বস্তরের মানুষের। তাদের সহযোগিতা ও ভালোবাসা ছাড়া এ স্বীকৃতি অর্জন সম্ভব হতো না। ভবিষ্যতেও জনগণের কল্যাণে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাব।”
চেয়ারম্যানের এ অর্জনে তেঁতুলিয়া ইউনিয়নসহ মান্দা উপজেলায় আনন্দের পরিবেশ বিরাজ করছে। স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ তাঁকে অভিনন্দন জানিয়ে তাঁর উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!