খুলনার ডুমুরিয়া উপজেলার পৃথক দুটি এলাকায় টানা অতিরিক্ত বৃষ্টির কারণে জলাবদ্ধতা ও ভাঙন আতঙ্ক দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দিনভর ক্ষতিগ্রস্ত এলাকাগুলো সরেজমিনে পরিদর্শন করেছেন ডুমুরিয়া উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভারী বর্ষণের ফলে উপজেলার শরাফপুর ইউনিয়নের রতনখালী স্লুইচগেটে হঠাৎ করে তীব্র ভাঙন দেখা দেয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শনে যান ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ সবিতা সরকার এবং ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাফিজুর রহমান ও ডুমুরিয়া উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম পরিদর্শন শেষে ইউএনও জানান, ভাঙন রোধে তাৎক্ষণিকভাবে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সাথে যোগাযোগ করা হয়েছে। দ্রুত জিও ব্যাগ স্থাপনের মাধ্যমে মেরামত কাজ শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে এবং আগামী দুই-একদিনের মধ্যে কাজ সম্পূর্ণ শেষ হবে বলে আশা করা যাচ্ছে। অন্যদিকে, একই দিনে অতিরিক্ত বৃষ্টির পানি প্রবেশ করেছে উপজেলার খর্নিয়া ইউনিয়নের রানাই বিল ও শিংগা এলাকার ভেতরে। এতে ফসলি জমি প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হওয়ায় উক্ত এলাকাটিও সরেজমিনে পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মিজ সবিতা সরকার। তিনি স্থানীয় কৃষকদের সাথে কথা বলেন এবং বিলের পানি দ্রুত নিষ্কাশনের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্যোগপূর্ণ এই পরিস্থিতিতে উপজেলার সার্বিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসন তৎপর রয়েছে। অপরদিকে, খুলনার ডুমুরিয়ায় সম্প্রতি ভারী বর্ষণের ফলে সৃষ্ট তীব্র জলাবদ্ধতা নিরসন এবং দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে এক জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই সভায় উপজেলার সার্বিক বন্যা ও জলাবদ্ধতা পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ সবিতা সরকার। তিনি তাঁর বক্তব্যে বলেন,“ভারী বর্ষণের কারণে ডুমুরিয়ার অনেক এলাকা প্লাবিত হয়েছে, যা জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে। এই জলাবদ্ধতা নিরসনে আমাদের দ্রুত ও সমন্বিত পদক্ষেপ নিতে হবে। পানি নিষ্কাশনের স্বাভাবিক পথগুলো সচল করা এবং যেকোনো ধরনের দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের প্রধান অগ্রাধিকার। সরকারি সকল দপ্তরকে সজাগ থেকে সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে একযোগে কাজ করতে হবে। বক্তব্য প্রদান করেন ডুমুরিয়ার সহকারী কমিশনার (ভূমি)অমিত কুমার বিশ্বাস, ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ খন্দকার হাফিজুর রহমান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ রফিকুল ইসলামসহ সভায় জলাবদ্ধতা নিরসনের উপায় এবং চলমান দুর্যোগ পরিস্থিতি মোকাবিলা নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন উপজেলা প্রশাসনের সকল দপ্তরের আমন্ত্রিত অতিথিবৃন্দ।
কালের সমাজ/কে.পি

