বান্দরবান নাইক্ষ্যংছড়িরতে টানা ভারী বর্ষণে সৃষ্ট দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মানবিক দায়িত্ববোধ থেকে ব্যাটালিয়নটি বন্যাদুর্গত মানুষের মাঝে রান্না করা খাবার ও প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেছে।
সোমবার (১৩ জুলাই) নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধীনস্থ জামছড়ি, ফুলতলী, ভালুখাইয়া, লেম্বুছড়ি, দোছড়ি ও মিলেনপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সাপমারাঝিড়ি, বাহিরমাঠ, হাজিরমাঠ, ডাক্তারকাটা, বামহাতিরছড়া, ম্যান্ডেলপাড়া ও দোছড়িপাড়া গ্রামের পাহাড়ি ও বাঙালি দিনমজুর, অসহায় ও হতদরিদ্র ১৯০টি পরিবারের মাঝে মোট ৪৬০ প্যাকেট রান্না করা খাবার ও প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণকালে বিজিবির সদস্যরা উপকারভোগীদের হাতে আন্তরিকতার সঙ্গে খাদ্যসামগ্রী পৌঁছে দেন। পাশাপাশি তাদের খোঁজখবর নেন এবং চলমান দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
বিজিবি জানায়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও সম্প্রীতির পরিবেশ সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দেশের যেকোনো দুর্যোগ ও মানবিক সংকটে মানুষের পাশে দাঁড়ানো বিজিবির দায়িত্ব ও অঙ্গীকারের অংশ। তাই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) বন্যাদুর্গত মানুষের জীবন, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে উদ্ধার, ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখবে।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির বলেন, দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ এবং অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দুর্যোগে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। ভবিষ্যতেও যেকোনো দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে বিজিবির এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
কালের সমাজ/কে.পি

