নাটোরের সিংড়া উপজেলার কৃষিপ্রধান চলনবিল এলাকায় বর্ষায় উজান থেকে ভেসে এসে কৃষিজমিতে জমে থাকা কচুরিপানা অপসারণের এক প্রশংসনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর সার্বিক ব্যবস্থাপনায় ও তাঁর উপহার দেওয়া আধুনিক কচুরিপানা কাটার মেশিনের সাহায্যে এই অপসারণ কাজের আনুষ্ঠানিক সূচনা করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৫টায় উপজেলার সিংড়া পয়েন্ট এলাকায় কৃষিজমিতে জমাকৃত কচুরিপানা অপসারণ কাজের শুভ উদ্বোধন করেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, পৌর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন সাখা, উপজেলা বিএনপির সদস্য ও সাবেক ভাইস চেয়ারম্যান শামীম হোসেন ভিপি, উপজেলা ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন মাস্টার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন এবং সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী কাজল সরকার। এছাড়া স্থানীয় গণমাধ্যমকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন। উদ্বোধন শেষে অতিথিরা বলেন, চলনবিলের বিস্তীর্ণ কৃষিজমিতে প্রতি বছর বর্ষার পানি নামার পর উজান থেকে ভেসে আসা বিপুল পরিমাণ কচুরিপানা আটকে থাকে। এতে কৃষকদের জমি প্রস্তুত করা ও সময়মতো ফসল বোনা ব্যাহত হচ্ছিল।
সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আনুর উদ্যোগে ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কচুরিপানা সরানোর এই কাজ শুরু হওয়ায় স্থানীয় কৃষকদের দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে। নির্দিষ্ট সময়ে জমি চাষযোগ্য হওয়ায় আসন্ন মৌসুমে চলনবিলে কৃষি উৎপাদনে নতুন গতি আসবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।
কালের সমাজ/কে.পি

