ঢাকা বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

দাম বাড়লো ফার্নেস অয়েলের

কালের সমাজ ডেস্ক | সেপ্টেম্বর ৩০, ২০২৬, ০৭:৫৬ পিএম দাম বাড়লো ফার্নেস অয়েলের

বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত ফার্নেস অয়েলের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার ফার্নেস অয়েলের দাম ১১ টাকা ৯২ পয়সা বেড়ে ১০৮ টাকা ৭৮ পয়সা হয়েছে। নতুন এ দাম বুধবার রাত ১২টার পর থেকে কার্যকর হবে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) এ সংক্রান্ত আদেশ জারি করে বিইআরসি। এর আগে প্রতি লিটার ফার্নেস অয়েল বিক্রি হচ্ছিল ৯৬ টাকা ৮৬ পয়সায়।


আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসে ফার্নেস অয়েলের দাম পুনর্নির্ধারণ করছে বিইআরসি। সেই ধারাবাহিকতায় এবারও দাম সমন্বয় করা হলো।

এর আগে টানা কয়েক দফায় ফার্নেস অয়েলের দাম কমানো হয়েছিল। গত ৩০ জুন প্রতি লিটারের দাম ১১৩ টাকা ৫৪ পয়সা থেকে কমিয়ে ১০৯ টাকা ১০ পয়সা নির্ধারণ করা হয়। এরপর আরও দুই দফা কমিয়ে দাম ৯৬ টাকা ৮৬ পয়সায় নামিয়ে আনা হয়েছিল। এবার এক ধাক্কায় ১১ টাকা ৯২ পয়সা বাড়ানো হলো।

অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর ১৫ সেপ্টেম্বর প্রজ্ঞাপনের মাধ্যমে ফার্নেস অয়েল ও জেট এ-১-এর দাম নির্ধারণের ক্ষমতা বিইআরসির কাছে দেওয়া হয়।


এরপর জানুয়ারিতে গণশুনানি শেষে ২২ ফেব্রুয়ারি প্রথমবারের মতো ফার্নেস অয়েলের দাম নির্ধারণ করে কমিশন। তখন থেকে আন্তর্জাতিক বাজারের দামের সঙ্গে সমন্বয় করে মাসভিত্তিক নতুন দর নির্ধারণ করে আসছে বিইআরসি।

দেশে বিদ্যুৎ উৎপাদনে বছরে প্রায় ২০ লাখ টন ফার্নেস অয়েল ব্যবহার হয়। ফলে জ্বালানি তেলটির দাম বাড়ার প্রভাব বিদ্যুৎ উৎপাদন ব্যয়ের ওপরও পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কালের সমাজ/কে.পি

Link copied!