গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) সদর থানার উদ্যোগে পরিচালিত বিশেষ সাঁড়াশি অভিযানে গত ২৪ ঘণ্টায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধারসহ ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে ১ কেজি গাঁজা, ৬ গ্রাম হেরোইন ও ১৮৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মাদক ব্যবসায়ী ছাড়াও নিয়মিত মামলার আসামি ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি রয়েছেন। নতুন পুলিশ কমিশনার যোগদানের পর তাঁর নির্দেশে সদর থানা পুলিশের এ বিশেষ অভিযান পরিচালিত হয়।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসানের নেতৃত্বে সদর থানার একাধিক চৌকস টিম মহানগরীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের অংশ হিসেবে মাদকবিরোধী তৎপরতা জোরদার করার পাশাপাশি বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তারে একাধিক স্থানে অভিযান চালানো হয়।
পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ ২ জন, ৬ গ্রাম হেরোইনসহ ২ জন এবং ১৮৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ আরও ৪ জনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া নিয়মিত মামলার আসামি ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আরও ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় সদর থানা পুলিশের অভিযানে মোট ১২ জনকে গ্রেপ্তার করা হয়।
সদর থানা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পৃথক পাঁচটি মাদক মামলা রুজু করা হয়েছে। পাশাপাশি নিয়মিত মামলা ও গ্রেপ্তারি পরোয়ানামূলে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
গাজীপুর মহানগর পুলিশের সদর থানার পক্ষ থেকে জানানো হয়, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান এবং বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
কালের সমাজ/কে.পি

