ফরিদপুরে বাসের ভেতরে লাগা আগুন নেভানোর চেষ্টা করতে গিয়ে অসুস্থ হয়ে প্রাণ হারিয়েছেন গোপালগঞ্জের মুকসুদপুরের বাসচালক মো. কালাচাঁদ (৫০)। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত সাড়ে ৩টার দিকে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনায় পরিবারটির ওপর নেমে এসেছে শোকের ছায়া। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে স্ত্রী, সন্তান ও বৃদ্ধ মায়ের ভবিষ্যৎ এখন চরম অনিশ্চয়তায়। নিহত কালাচাঁদ মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের বাসিন্দা। তিনি মৃত নুর উদ্দিন শেখের ছেলে।
জানা যায়, ঘটনার সময় বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন চালক কালাচাঁদ। হঠাৎ বাসে আগুনের সূত্রপাত হলে ঘুম থেকে উঠে আগুন নেভানোর চেষ্টা করেন তিনি। একপর্যায়ে অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান। খবর পেয়ে ফরিদপুর কোতোয়ালি থানার কিলো-১ ডিউটি পার্টি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
কালাচাঁদের মৃত্যুতে চরম সংকটে পড়েছে তাঁর পরিবার। স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে ও অসুস্থ বৃদ্ধ মাকে নিয়ে ছিল তাঁর সংসার। পরিবারের ভরণপোষণের সম্পূর্ণ দায়িত্ব ছিল তাঁর কাঁধে। বড় ছেলে ২২ বছর বয়সী শিক্ষার্থী, ১৯ বছর বয়সী মেয়ে বিবাহিত এবং ছোট ছেলে ১৪ বছর বয়সী, নবম শ্রেণিতে পড়াশোনা করে। সংসারের একমাত্র উপার্জনক্ষম মানুষটিকে হারিয়ে এখন কীভাবে চলবে তাঁদের জীবন, এমন দুশ্চিন্তায় দিন কাটছে স্বজনদের।
দিগনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাহিদুল ইসলাম লিটু মোল্লা বলেন, কালাচাঁদ অত্যন্ত ভালো ও নিরীহ প্রকৃতির মানুষ ছিলেন। তাঁর এমন মর্মান্তিক মৃত্যুতে ক্ষোভ প্রকাশ করেন তিনি। এ ঘটনার পেছনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের সংশ্লিষ্টতার অভিযোগ তুলে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দায়ীদের চিহ্নিত করে কঠোর বিচারের দাবি জানান তিনি।
এদিকে কালাচাঁদের পরিবারের অসহায়ত্বের কথা তুলে ধরে সরকারের কাছে মানবিক সহায়তার আবেদন জানিয়েছেন দিগনগর নূর মঞ্জিল মসজিদের ইমাম ও খতিব। তিনি বলেন, কালাচাঁদ ছিলেন পরিবারটির একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাঁর মৃত্যুর পর স্ত্রী, সন্তান ও অসুস্থ বৃদ্ধ মায়ের ভরণপোষণ নিয়ে পরিবারটি চরম দুশ্চিন্তায় রয়েছে। পরিবারের ভবিষ্যৎ সুরক্ষায় অন্তত একজন সদস্যের জন্য উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থা করতে সরকারের প্রতি আকুল আবেদন জানান তিনি।
কালাচাঁদের মৃত্যুতে এলাকায় শোকের আবহ বিরাজ করছে। এলাকাবাসীর দাবি, বাসে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও কালাচাঁদের মৃত্যুর পেছনের পরিস্থিতি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে উদ্ঘাটন করতে হবে। একই সঙ্গে অসহায় পরিবারটির পাশে দাঁড়িয়ে সরকারি সহায়তা ও কর্মসংস্থানের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তাঁরা।
একজন মানুষের মৃত্যুতে যেন একটি পরিবারের স্বপ্ন ও ভবিষ্যৎ থমকে না যায়, এমন মানবিক বিবেচনায় কালাচাঁদের অসহায় পরিবারের পাশে দাঁড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি উদ্যোগ কামনা করেছেন স্থানীয়রা।
কালের সমাজ/কে.পি

