গোপালগঞ্জ জেলা শহরে রোববার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মিছিল, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। কর্মসূচিকে কেন্দ্র করে শহরজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আতঙ্কে অনেক দোকানপাট বন্ধ হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১টার পর সদর উপজেলার আশপাশের এলাকা ও বিভিন্ন ইউনিয়ন থেকে মোটরসাইকেল, ভ্যান, বাস এবং ট্রাকে করে শত শত নেতাকর্মী শহরে আসতে শুরু করেন। পরে শহরের শিশু পার্ক ও বিসিক এলাকায় তাঁরা জড়ো হন।
দুপুর ১২টার দিকে লগি-বৈঠা হাতে নিয়ে একযোগে মিছিল বের করেন তাঁরা। মিছিলটি লঞ্চঘাট, মহিলা কলেজ ও শিল্পকলা একাডেমি এলাকা প্রদক্ষিণ করে। একপর্যায়ে পুলিশের ব্যারিকেড অতিক্রম করে মিছিলকারীরা শহরের বিভিন্ন সড়কে প্রবেশ করেন। এ সময় আওয়ামী লীগ ও দলটির সভাপতি শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়া হয়। মিছিলে উল্লেখযোগ্যসংখ্যক নারী কর্মীর উপস্থিতিও দেখা যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
মিছিল চলাকালে শহরের ‘এফএনএফ’ নামের একটি সুপারশপের কাচ ভাঙচুর করা হয়। পাশাপাশি শহরের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন অংশগ্রহণকারীরা।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মিছিলকারীরা গোপালগঞ্জ সরকারি কলেজের নাম পরিবর্তন করে আগের নাম ‘বঙ্গবন্ধু সরকারি কলেজ’ পুনর্বহালের দাবি জানান এবং কলেজের ফটকে ওই নামসংবলিত ব্যানার টানিয়ে দেন। এ ছাড়া গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘হাদী চত্বর’-এর নাম পরিবর্তন করে আগের ‘জয় বাংলা চত্বর’ নাম পুনঃস্থাপন করা হয় বলে জানা গেছে।
পরে মিছিলকারীরা জেলা আওয়ামী লীগ কার্যালয়ের তালা খুলে দেন। শহরের শেখ কামাল স্টেডিয়ামসংলগ্ন ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ ভাঙচুর করে সেখানে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনাও ঘটে। পৌরসভার সামনে বিএনপির ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে সেগুলো সড়কে জড়ো করে আগুন দেওয়া হয়। লঞ্চঘাট, সরকারি কলেজ, প্রেসক্লাবসহ বিভিন্ন স্থানে টায়ার, বাঁশ ও কাঠ জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন তাঁরা।
লঞ্চঘাট এলাকায় মিছিল চলাকালে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য দেন জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজু খান এবং সহসভাপতি সামসুল হক।
এদিকে কর্মসূচি ঘিরে জেলা শহরে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। লঞ্চঘাট, বাজার এলাকা ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পুলিশের পাশাপাশি বিজিবি, এসআরবি ও এপিবিএন সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা যায়। বাড়ানো হয় গোয়েন্দা নজরদারিও। তবে পুরো কর্মসূচিতে পুলিশ মিছিলকারীদের বাধা দিয়েছে—এমন কোনো ঘটনা ঘটেনি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
মিছিল ও ভাঙচুরের ঘটনায় শহরজুড়ে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। বন্ধ হয়ে যায় অধিকাংশ দোকানপাট। দুপুর দেড়টা থেকে ২টার মধ্যে মিছিলকারীরা শহর ছেড়ে চলে গেলে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে। পরে কিছু দোকানপাট খুলতে দেখা যায় এবং রিকশা-ভ্যান চলাচলও বাড়তে থাকে।
ঘটনাগুলো সম্পর্কে বক্তব্য জানতে গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
কালের সমাজ/কে.পি

