পিরোজপুরে মানসিকভাবে হতাশাগ্রস্ত ছেলের সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে বাগবিতণ্ডার জেরে এক স্বর্ণব্যবসায়ীর হৃদরোগে মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি পিরোজপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের উকিলপাড়া এলাকার বাসিন্দা স্বর্ণব্যবসায়ী দিলীপ কর্মকার। তার ছেলে দিপ্ত কর্মকার (২৮) বর্তমানে পিরোজপুর সদর থানা পুলিশের হেফাজতে রয়েছেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (৭ মার্চ) রাতে পারিবারিক বিষয় নিয়ে বাবা দিলীপ কর্মকারের সঙ্গে ছেলে দিপ্ত কর্মকারের কথা-কাটাকাটি হয়। এর জের ধরে রবিবার (৮ মার্চ) বিকেল আনুমানিক ৫টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন দিলীপ কর্মকার। পরে তাকে দ্রুত পিরোজপুর জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃতের স্ত্রী শিপ্রা রানী কর্মকার জানান, দিলীপ কর্মকার দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। ২০১৭ সালে ভারতে তার হার্টের বাইপাস সার্জারি করা হয়েছিল। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন এলাকাবাসী জানান, দিপ্ত কর্মকার শুধু মানসিকভাবে হতাশাগ্রস্তই নন, তিনি নেশাগ্রস্তও ছিলেন এবং প্রায়ই পরিবারের সাথে উগ্র আচরণ করতেন।
এ বিষয়ে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহমুদ হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ছেলে দিপ্ত কর্মকারকে আটক করেছে। মৃতের শেষকৃত্য সম্পন্ন হওয়ার পর তার স্ত্রী লিখিত অভিযোগ করবেন বলে জানিয়েছেন। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে দিলীপ কর্মকারের মৃত্যুতে স্থানীয় স্বর্ণ ব্যবসায়ীসহ এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

