বাংলাদেশের উপহারের ১,৭৫০ কেজি সুস্বাদু আম পেলো নেপাল। সিজনস বেস্ট কমপ্লিমেন্টস উদ্যোগের অংশ হিসেবে নেপালের রাষ্ট্রপতি, স্পিকার, মন্ত্রিপরিষদের সদস্যসহ ৩৬০ জনেরও বেশি বিশিষ্ট ব্যক্তির কাছে এই আমগুলো পৌঁছানো হয়েছে। নেপালের বিশিষ্টজনদের উপহার হিসেবে এই সুস্বাদু আম পাঠিয়েছে বাংলাদেশ।
উপহারের চালানে রয়েছে, বাংলাদেশের জিআই (জিআই) স্বীকৃত বিখ্যাত ক্ষীরশাপাত আম। আমগুলো বাংলাদেশের আমের রাজধানী হিসেবে খ্যাত চাঁপাইনবাবগঞ্জের দুটি বাগান থেকে সংগ্রহ করা হয়েছে।
মান ও সতেজতা বজায় রাখতে আমগুলো বাংলাবান্ধা স্থলবন্দর, ভারতের ফুলবাড়ি স্থলবন্দর ও নেপালের কাঁকরভিটা রুট ব্যবহার করে কাঠমান্ডু পৌঁছানো হয়। দুই দেশের মাঝে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সৌহার্দ্য এবং সাংস্কৃতিক কূটনীতি আরও জোরদার করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
দূতাবাস সূত্রের খবর, এ বছর ১ হাজার ৭৫০ কেজিরও বেশি উন্নতমানের বাংলাদেশি আম কাঠমান্ডুতে অবস্থানরত নেপালের বিশিষ্ট ব্যক্তিবর্গ, জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা, রাষ্ট্রদূত ও কূটনৈতিক কোরের সদস্য, ব্যবসায়ী নেতা, সুশীল সমাজের প্রতিনিধি এবং বাংলাদেশ ও এর জনগণের ঘনিষ্ঠ বন্ধু ও শুভানুধ্যায়ীদের কাছে উপহার হিসেবে পৌঁছে দেওয়া হয়েছে।
দূতাবাস জানিয়েছে, এই উদ্যোগ বাংলাদেশ ও নেপালের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং জনগণের মধ্যে বিদ্যমান আন্তরিক যোগাযোগের প্রতিফলন। একই সঙ্গে এটি উভয় দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করতে উষ্ণতা, সদিচ্ছা ও কূটনৈতিক সৌহার্দ্যের প্রতীক হিসেবে কাজ করবে।
নেপালে এ ব্যতিক্রমী ম্যাংগো ডিপ্লোমেসি উদ্যোগ সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের প্রতি বাংলাদেশ দূতাবাস আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
কালের সমাজ/এএইচবি

