ঢাকা শুক্রবার, ০৮ মে, ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩

চকরিয়ায় অনলাইন জুয়াড়িদের রমরমা বাণিজ্য গ্রেফতার ৩

জেলা প্রতিনিধি, কক্সবাজার | মে ৮, ২০২৬, ০৯:০৯ পিএম চকরিয়ায় অনলাইন জুয়াড়িদের রমরমা বাণিজ্য গ্রেফতার ৩

কক্সবাজারের চকরিয়া উপজেলার আনাচে-কানাচে অনলাইন জুয়াড়িদের রমরমা বাণিজ্য চলছে। এতে জড়িয়ে পড়ে তরুণ যুবসমাজ দিনদিন বিপদগামী হচ্ছে। অন্যদিকে অনলাইন জুয়ার টাকা জোগাড় করতে গিয়ে এসব যুবকরা হরহামেশা চুরি ছিনতাইয়ের মতো অপরাধকর্মে জড়াচ্ছে। এ অবস্থায় এলাকাভিত্তিক আইনশৃঙ্খলা পরিস্থিতিও নিত্যদিন অবনতির দিকে ধাবিত হচ্ছে।

এমন পরিস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের কঠোর নির্দেশনার প্রেক্ষিতে শহর থেকে পাড়াগাঁয়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা অনলাইন জুয়ারি চক্রের বিরুদ্ধে অ্যাকশনে নেমেছে চকরিয়া থানা পুলিশ।
পুলিশ জানিয়েছে, গত দুইদিনে চকরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তিনজন অনলাইন জুয়াড়ীকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে অবৈধ অ্যাপসের মাধ্যমে অনলাইন জুয়া ক্যাসিনো খেলার মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নে রংমহল এলাকার মোহাম্মদ জামাল উদ্দিন (২৮), পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আকবরিয়া পাড়ার মৃত নুর আহমেদের ছেলে আব্দুল মান্নান (৩৭), কাহারিয়াঘোনা এলাকায় আব্দুর রহিমের ছেলে জাহিদুল ইসলাম (২১)। অনলাইন জুয়াড়ীকে  গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মনির হোসেন।

চকরিয়া থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পৃথকভাবে উপজেলা ও পৌরসভায় অভিযান চালায়। এসময় অনলাইন জুয়া খেলার সময় তিনজনকে গ্রেফতার করা হয়। অভিযানকালে তাদের কাছ থেকে স্মার্টফোন জব্দ করা হয়। জব্দকৃত মোবাইলগুলোতে অনলাইন জুয়ার অ্যাপস পাওয়া গেছে বলে জানায় পুলিশ। গ্রেফতারকৃদের বিরুদ্ধে দুইটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত মামলার আরও ৭ জন আসামিকে গ্রেফতার করেছে।

অনুসন্ধানে জানা গেছে, সহপাঠীদের খপ্পরে পড়ে আসক্তির ফাঁদে অনলাইন জুয়ায় যুক্ত হয়ে টাকা খোয়াচ্ছেন তরুণ-যুবকরা। এতে ধারদেনা বাড়ছে একশ্রেনীর তরুণ-যুবকদের। আবার টাকার জন্য আপনজনকে খুন ও নিজ বাসায় চুরি করতেও দ্বিধাবোধ করছেন না এসব উঠতি বয়সি যুবকরা।  জুয়ার প্রচারণায় কম্পিউটারের দোকানে বা ঘরে বসে কাজ করছেন স্থানীয় এজেন্টরা। অবৈধ টাকা আয় করে এজেন্টরা কোটিপতি বনে গেলেও জুয়াড়িরা লাখ লাখ টাকা হারিয়ে নিঃস্ব হচ্ছে। জুযার নেশায় ব্যবসায়ীরা ব্যবসার মূলধন হারাচ্ছে, কৃষকের সন্তান জায়গা-জমি, বসতবাড়ি পর্যন্ত বিক্রি করে জুয়া খেলছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর নির্দেশে আইন-শৃঙ্খলা বাহিনী ইতিমধ্যে অনলাইন জুয়া খেলোয়াড়দের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া শুরু করেছে। এরই অংশ হিসেবে চকরিয়া থানা পুলিশও অনলাইন জুয়াড়ী চক্রের  বিরুদ্ধে অভিযান শুরু করেছে। প্রথম অভিযানে পুলিশ ২ টি স্পট থেকে মোট ৩ জন অনলাইন জুয়াড়ীকে আটক করে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। 
ওসি মোহাম্মদ মনির হোসেন বলেন, অবৈধ অনলাইন জুয়ার বিরুদ্ধে চকরিয়া থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। অনলাইন জুয়া বন্ধে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।

 

কালের সমাজ/কে.পি

Link copied!