ঢাকা মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

৩ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস

কালের সমাজ ডেস্ক | জুন ১৫, ২০২৬, ১০:৪২ পিএম ৩ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস

টানা বৃষ্টিপাত ও উজানের পানির প্রভাবে সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোনা জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

সোমবার (১৫ জুন) বাংলাদেশ ও ভারতের আবহাওয়া অধিদপ্তর এবং বৈশ্বিক আবহাওয়া সংস্থাগুলোর তথ্যের ভিত্তিতে প্রকাশিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর-পূর্বাঞ্চলের কুশিয়ারা নদী ফেঞ্চুগঞ্জ ও মার্কুলি স্টেশনে এবং সোমেশ্বরী নদী কলমাকান্দা স্টেশনে সতর্কসীমার কাছাকাছি বা সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে।

গত ২৪ ঘণ্টায় সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হলেও ভারতের উজান এলাকায় তেমন ভারী বৃষ্টি হয়নি। তবে আগামী তিন দিন দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চল এবং উজানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর পরবর্তী দুই দিনে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিও হতে পারে।

বন্যা পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে, সুরমা ও কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। এ কারণে সিলেট ও সুনামগঞ্জ জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কিছু এলাকা সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সোমেশ্বরী, ভুলাই ও কংস নদীর পানি দ্রুত বেড়েছে। আগামী তিন দিন এসব নদীর পানি আরও বৃদ্ধি পেতে পারে, ফলে নেত্রকোনা জেলার কিছু নিম্নাঞ্চলেও সাময়িক জলাবদ্ধতা বা প্লাবনের পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

অন্যদিকে ব্রহ্মপুত্র-যমুনা ও গঙ্গা-পদ্মা নদীর পানি বাড়লেও আগামী পাঁচ দিন তা বিপদসীমার নিচ দিয়েই প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ু দেশের ওপর মোটামুটি সক্রিয় রয়েছে। মঙ্গলবার (১৬ জুন) রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক এলাকায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু স্থানে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।

সোমবার রাজশাহী, পাবনা, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া ও খুলনা জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে গেছে, যা অব্যাহত থাকতে পারে। তবে আগামী পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা বাড়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রাজশাহীতে ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। একই দিনে কুষ্টিয়ার কুমারখালীতে সর্বোচ্চ ৭৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আবহাওয়াবিদদের ধারণা, ২০ জুনের পর দেশে বৃষ্টিপাতের পরিমাণ আরও বৃদ্ধি পেতে পারে, বিশেষ করে উপকূলীয় অঞ্চলে। এর ফলে চলমান ভ্যাপসা গরম কিছুটা কমে আসতে পারে।


কালের সমাজ/ওজি

Link copied!