রাজধানী ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) দুপুরে বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী রাজধানীর বিভিন্ন কৌশলগত ও গুরুত্বপূর্ণ এলাকায় বিজিবির সদস্যরা দায়িত্ব পালন করছেন। মোতায়েনকৃত এলাকাগুলোর মধ্যে রয়েছে ধানমন্ডি, শাহবাগ, আবরার ফাহাদ এভিনিউ, বাংলামোটর, কাওরান বাজার, শেরেবাংলা নগর এবং মহাখালীসহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ স্থান।
বিজিবি সূত্রে জানা গেছে, জননিরাপত্তা নিশ্চিত করা, যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধ করা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এই মোতায়েন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। রাজধানীর বিভিন্ন এলাকায় বিজিবি সদস্যরা অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন।
জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম বলেন, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী বিজিবির কার্যক্রম পরিচালিত হবে। পরিস্থিতির পরিবর্তন ও নিরাপত্তা চাহিদা বিবেচনায় ভবিষ্যতে মোতায়েনের পরিধি বাড়ানো বা সমন্বয় করা হতে পারে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতে, রাজধানীতে জননিরাপত্তা বজায় রাখা এবং স্বাভাবিক কার্যক্রম নির্বিঘ্ন রাখতে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
কালের সমাজ/এএইচবি

