ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

শিল্পকারখানায় কাল থেকেই বিদ্যুৎ-গ্যাস সরবরাহ উন্নতির আশ্বাস প্রধানমন্ত্রীর

কালের সমাজ ডেস্ক | সেপ্টেম্বর ১৪, ২০২৬, ০৪:২১ পিএম শিল্পকারখানায় কাল থেকেই বিদ্যুৎ-গ্যাস সরবরাহ উন্নতির আশ্বাস প্রধানমন্ত্রীর

শিল্পকারখানায় আগামীকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত থেকে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ সাম্প্রতিক সংকটের আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর দেওয়া এ আশ্বাসের কথা জানিয়েছেন এফবিসিসিআই প্রশাসক মো. ফজলুল হক।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে দেশের ২১টি ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রায় তিন ঘণ্টার বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

ফজলুল হক বলেন, আগামীকাল রাত থেকে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন। ব্যবসায়ীদের জন্য এটিই বৈঠকের সবচেয়ে বড় স্বস্তির খবর।

তিনি জানান, শুধু বর্তমান সংকট মোকাবিলাই নয়, ভবিষ্যতে শিল্প সম্প্রসারণ ও নতুন বিনিয়োগের কারণে বিদ্যুৎ-গ্যাসের চাহিদা বাড়লে তা কীভাবে পূরণ করা হবে, সে বিষয়েও বৈঠকে বিস্তারিত পরিকল্পনা তুলে ধরা হয়েছে।

এফবিসিসিআই প্রশাসক বলেন, বৈঠকে সরকারের পক্ষ থেকে শুধু পরিকল্পনা উপস্থাপন করে ব্যবসায়ীদের বক্তব্য শোনানো হয়নি। নির্ধারিত দুই ঘণ্টার বৈঠক আলোচনার কারণে প্রায় তিন ঘণ্টা পর্যন্ত গড়ায়।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানান, কর্মসংস্থান বাড়ানো ও শিল্পায়নের ক্ষেত্রে বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি এবং খনিজ সম্পদ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

তিনি বলেন, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে সরকারের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা তুলে ধরেছেন। এসব পরিকল্পনার মেয়াদ দুই, পাঁচ ও ১০ বছর।

গ্যাস সরবরাহের বিষয়ে মাহদী আমিন বলেন, দেশে দুটি এফএসআরইউর ওপর নির্ভরতা তৈরি হয়েছে। এর মধ্যে একটি দীর্ঘদিন ধরে অচল থাকায় গ্যাস সরবরাহে চাপ তৈরি হয়েছিল।

বর্তমান সরকার অচল এফএসআরইউটি মেরামতের পাশাপাশি ভবিষ্যতে এর সংখ্যা বাড়ানোর পরিকল্পনাও নিয়েছে। প্রাথমিকভাবে তিনটি এবং পরবর্তী সময়ে পাঁচটি এফএসআরইউ চালুর লক্ষ্যে কাজ করা হচ্ছে বলে জানান তিনি।

মাহদী আমিন বলেন, ২০২৮ সাল শুরু হওয়ার আগেই তৃতীয় এফএসআরইউকে কার্যক্রমের আওতায় আনার চেষ্টা চলছে। এর মাধ্যমে গ্যাস সরবরাহের সংকট মোকাবিলায় সক্ষমতা বাড়বে বলে আশা করা হচ্ছে।

বৈঠকে এফবিসিসিআই, আইসিসিবি, বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএসহ মোট ২১টি ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। এ সময় বাণিজ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টাও উপস্থিত ছিলেন।

কালের সমাজ/কে.পি

 

Link copied!