কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে অবৈধভাবে নিয়ে যাওয়ার সময় গাইবান্ধায় ২শ বস্তা ইউরিয়া সারসহ একটি ট্রাক জব্দ করেছে কৃষি বিভাগ। মঙ্গলবার রাতে সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের কদমতলী এলাকা থেকে সার বোঝাই ট্রাকটি জব্দ করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, গাইবান্ধা সদর উপজেলাার তুলসীঘাট সার গোডাউন থেকে মঙ্গলবার রাতে সুন্দরগঞ্জের মাঠেরহাট এলাকায় নিয়ে যাওয়ার সময় কদমতলী এলাকায় ট্রাকটির গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানিয়রা ট্রাকটি আটক করে কৃষি অফিসে খবর দেন।
খবর পেয়ে সদর উপজেলা কৃষি অফিসের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে ২শ বস্তা ইউরিয়া সারসহ ট্রাকটি আটক করে উপজেলা কার্যালয়ে নিয়ে আসেন। পরে কাগজপত্র যাচাই বাছাই করে অসঙ্গতি পাওয়ায় সারসহ ট্রাকটি জব্দ এবং চালককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অনাদায়ে চালকের তিন মাসের কারাদণ্ড দেয়া হয়। দণ্ডপ্রাপ্ত চালক মিন্টু মন্ডল সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের হাসপাতাল বালুয়া এলাকার ওয়াহেদ আলীর ছেলে।
এব্যাপারে সদর উপজেলা সহকারি কমিশনার মো. জাহাঙ্গীর আলম বাবু জানান, জব্দ করা সারের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :