আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষায় লেথাল ওয়েপন (মারনাস্ত্র) ব্যবহার করবে না বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল এস এম আবুল এহসান।
এছাড়া নির্বাচন ও গণভোটে কঠোর নিরাপত্তায় সারাদেশে ৩৭ হাজারের বেশি বিজিবি সদস্য মোতায়েন করা হবে। পাশাপাশি পরিস্থিতি অনুযায়ী এর সংখ্যা আরও বাড়তে পারে।
শনিবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্সের অস্থায়ী বেস ক্যাম্পে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
তবে অপর একটি সূত্র জানায়, প্রয়োজনে টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট এগুলো ব্যবহার করা হবে।
আবুল এহসান বলেন, দেশের ৪,৪২৭ কিলোমিটার সীমান্ত সম্পূর্ণ সুরক্ষিত রেখেই সারা দেশে বিজিবি মোতায়েন থাকবে। দেশের ৪৯৫টি উপজেলার মধ্যে ৪৮৯টি উপজেলায় বিজিবি নির্বাচনী দায়িত্ব পালন করবে। পাশাপাশি সীমান্তবর্তী ৬১টি উপজেলায় বিজিবি এককভাবে নির্বাচনী দায়িত্বে থাকবে।
ঝুঁকি বিবেচনায় সারাদেশের ৩০০টি সংসদীয় আসনেই বিজিবি মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। উপজেলা ভেদে ২ থেকে ৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকার কথা রয়েছে।
এদিকে নির্বাচনকালীন যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিজিবির র্যাপিড অ্যাকশন টিম (RAT) এবং হেলিকপ্টারসহ কুইক রেসপন্স ফোর্স (QRF) প্রস্তুত থাকবে। প্রয়োজনে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম হবে।
পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করতে বিশেষায়িত K-9 ডগ স্কোয়াড ইউনিটও মোতায়েন থাকবে বলেও জানান তিনি।
কালের সমাজ/এসআর


আপনার মতামত লিখুন :