ঢাকা মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ২৭ মাঘ ১৪৩২
ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা

ফুটেজ নিতে যে পরামর্শ দিলেন ইসি তাহমিনা

নিজস্ব প্রতিবেদক | ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০৩:০০ পিএম ফুটেজ নিতে যে পরামর্শ দিলেন ইসি তাহমিনা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে ফোন নিয়ে যাওয়া যাবে না বলে নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে কেবল দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পুলিশ ইনচার্জ, দায়িত্বপ্রাপ্ত আনসার, সাধারণ আনসার বা ভিডিপির ‍‍`নির্বাচন সুরক্ষা ২০২৬‍‍` এপ্লিকেশন ব্যবহারকারী দুজন আনসার সদস্য ফোন রাখতে পারবেন।

তবে ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল ব্যবহার নিয়ে এখন পর্যন্ত ইসির পক্ষ থেকে কোনো নির্দেশনা পাওয়া যায়নি।

ভোটকেন্দ্রে সাংবাদিকরা কেন মোবাইল নিতে পারবেন না—এমন প্রশ্নের জবাবে সোমবার সকালে নির্বাচন কমিশনার (ইসি) বেগম তাহমিদা আহমদ মানবজমিনকে বলেন, ‘আমি তো জানি ভোটকেন্দ্র ভোটাররা মোবাইল নিতে পারবেন না। বাকিদের বিষয়ে আমার জানা নেই।’

ভোটকেন্দ্রে যদি অনিয়ম হয়, সাংবাদিকরাই সেটার ছবি জাতির কাছে তুলে ধরেন। সে ক্ষেত্রে যদি এই নিষেধাজ্ঞা থাকে তাহলে সাংবাদিকরা কী করবে? জবাবে তিনি বলেন, পুলিশের বডি–ওর্ন ক্যামেরা ও সিসিসি ক্যামেরা আছে, সেখান থেকে সাংবাদিকরা ছবি সংগ্রহ করতে পারবেন।

এ সময় তিনি আর কোনো কথার উত্তর না দিয়ে ইসির অপর কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহর সঙ্গে কথা বলার পরামর্শ দেন।

কালের সমাজ/এসআর

Side banner
Link copied!