ফরিদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ফরিদপুর সদর-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী চৌধুরী নায়াব ইউসুফের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে শহরের ময়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে এ জনসভার আয়োজন করা হয়।
জনসভায় প্রধান অতিথির বক্তব্যে চৌধুরী নায়াব ইউসুফ বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের সমর্থনে নির্বাচিত হতে পারলে ফরিদপুরের উন্নয়নে সুস্পষ্ট কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। তিনি শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও অবকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়ার আশ্বাস দেন। একই সঙ্গে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে নির্বাচিত করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।
নির্বাচনী জনসভায় ফরিদপুর জেলা বিএনপি, মহানগর বিএনপি এবং দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন পরিষদের নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক সমর্থক জনসভায় অংশগ্রহণ করেন।
জনসভা শেষে একটি বর্ণাঢ্য মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এর আগে ফরিদপুরের বিভিন্ন এলাকা থেকে একাধিক মিছিল ব্যানার-ফেস্টুন ও বাদ্যযন্ত্রসহ সমাবেশস্থলে এসে পৌঁছায়। মিছিল ও জনসভা থেকে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য সাধারণ মানুষের প্রতি পুনরায় আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :