রোববার (১ মার্চ) সকালে সচিবালয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে প্রধানমন্ত্রী প্রবাসীদের সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় করণীয় বিষয়ে দিকনির্দেশনা দেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন জানান, সকালে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে মধ্যপ্রাচ্যে অবস্থানরত বাংলাদেশিদের বর্তমান অবস্থা, সম্ভাব্য ঝুঁকি এবং উদ্ভূত পরিস্থিতিতে তাদের নিরাপত্তা নিশ্চিত করার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এদিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনার কারণে একাধিক আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হওয়ায় সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে থাকা যাত্রীদের সার্বিক দেখভাল ও সহায়তা কার্যক্রম প্রধানমন্ত্রী নিজে সার্বক্ষণিকভাবে তদারকি করছেন।
অতিরিক্ত প্রেসসচিব আরও জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বিমানমন্ত্রী ও বিমান প্রতিমন্ত্রী সরাসরি পরিস্থিতি মোকাবিলায় কাজ করছেন। বিমান প্রতিমন্ত্রী সকাল থেকেই বিমানবন্দরে অবস্থান করে যাত্রীদের সুযোগ-সুবিধা তদারকি করছেন। একইসঙ্গে প্রবাসী কল্যাণ মন্ত্রীও যাত্রী ও প্রবাসীদের সহায়তায় সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।

