বাংলাদেশের জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে ব্যাট হাতে দৃষ্টিনন্দন কীর্তি গড়েছেন ক্যামব্রিয়ান স্কুলের শিক্ষার্থী মুস্তাকিম হাওলাদার। তিনি মাত্র ১৭০ বলে ৫০টি চার ও ২২টি ছক্কার সাহায্যে অপরাজিত ৪০৪ রান করে দেশের ক্রিকেট ইতিহাসে নতুন এক মাইলফলক স্থাপন করেছেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিশ্চিত করেছে, এটি দেশের স্কুল ক্রিকেট কিংবা স্বীকৃত কোনো পর্যায়ের ক্রিকেটে প্রথম ৪০০ রানের ইনিংস।
মুস্তাকিমের অসাধারণ ইনিংসে ভর করে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ নির্ধারিত ৫০ ওভারে ২ উইকেটে ৭৭০ রান সংগ্রহ করে। তার সঙ্গে তৃতীয় উইকেটে ৬৯৯ রানের রেকর্ড জুটি গড়েন সাদ পারভেজ। সাদ ১২৪ বলে ৩২টি চার ও ১৩টি ছক্কার সাহায্যে অপরাজিত ২৫৬ রান করেন।
এমন বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে সেন্ট গ্রেগরিস স্কুল ১১.৪ ওভারেই মাত্র ৩২ রানে অলআউট হয়ে যায়। দলের পক্ষে একমাত্র ব্যাটার অপূর্ব বাড়ই (১০) দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন। বল হাতে ক্যামব্রিয়ানের হয়ে হাসান হৃদয় ৬ উইকেট এবং সাদ পারভেজ ৪ উইকেট নেন।
এই রেকর্ড গড়া ইনিংসের ফলে মুস্তাকিম হাওলাদার দেশের ক্রিকেটে নতুন সম্ভাবনার নাম হয়ে উঠেছেন। ক্রিকেট বিশ্লেষকদের মতে, ভবিষ্যতে তিনি দেশের ক্রিকেটে বড় তারকা হয়ে উঠতে পারেন।
কালের সমাজ// এ.জে

