নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় কর্মরত স্থানীয় সংবাদকর্মীদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সোনারগাঁ থানায় এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিবুল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনারগাঁ থানার ওসি (তদন্ত) রাশেদুল ইসলাম খান,নারায়ণগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান এর ছেলে জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খায়রুল ইসলাম সজীবসহ উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।
ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকরা পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষা এবং সমাজের কল্যাণে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মহিবুল্লাহ বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন সমাজকে সঠিক পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পুলিশ ও গণমাধ্যম একসঙ্গে কাজ করলে সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখা আরও সহজ হবে। পরে সকলের অংশগ্রহণে ইফতার ও দোয়া মাহফিল শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

