পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলায় লাকড়ি বোঝাই একটি ট্রাক পাহাড়ি খাদে পড়ে চালক সহ ২ জন নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার (১২ মার্চ) দিনগত রাতে উপজেলার ফাঁসিয়াখালী-লামা সড়কের ইয়াংছা টার্নিং পয়েন্টে এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ইয়াংছা কালিরঝিরির বাসিন্দা আব্দুল কাদেরের ছেলে ট্রাক চালক মো. আলমগীর (৩৫) ও পোয়াং বাড়ীর বাসিন্দা মোহাম্মদ হোসেনের ছেলে আনোয়ার হোসেন (৪৫)।এ ঘটনায় আহত হয়েছেন ঠান্ডাঝিরি এলাকার পুতিয়া নামের এক ব্যক্তিও।
স্থানীয় সূত্রে জানায়, বৃহস্পতিবার দিনগত রাত ৮ টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের বনপুর এলাকা থেকে লাকড়ি বোঝাই করে একটি ট্রাক ইয়াংছার দিকে যাচ্ছিল।এ সময় ট্রাকটি সড়কের ইয়াংছা টার্নিং পয়েন্টে পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারায়। এতে ট্রাকটি ২০০ ফুট নীচে খাদে পড়ে যায়। এ সময় গাড়িতে থাকা চালক মো. আলমগীর ও আনোয়ার হোসেন গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ১টার দিকে দায়িত্বরত চিকিৎসক মো. আলমগীর ও আনোয়ার হোসেনকে মৃত ঘোষণা করেন। লাকড়ি বোঝাই ট্রাক খাদে পড়ে চালকসহ দুইজন নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, কারো কোন অভিযোগ না থাকায় প্রাথমিক সূরতহাল শেষে শুক্রবার (১৩ মার্চ) সকালে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।পাশাপাশি এ ঘটনায় অপমৃত্যু মামলাও রুজু করা করা হয়। যা পরবর্তীতে তদন্ত স্বাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

