ঢাকা শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

আগামী পাঁচ দিন সারাদেশে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক | মার্চ ১৩, ২০২৬, ০৮:০১ পিএম আগামী পাঁচ দিন সারাদেশে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে প্রথম দিনে রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কয়েকটি এলাকায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

পূর্বাভাস অনুযায়ী, শনিবারও রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রামের দু-এক স্থানে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে, তবে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

রোববার রাজশাহী, ঢাকা, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু স্থানে এবং রংপুর, বরিশাল ও চট্টগ্রামের কয়েকটি জায়গায় দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

এছাড়া সোমবার ও মঙ্গলবার দেশের সব বিভাগের দু-একটি স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময় তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে পঞ্চম দিনে সামান্য বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিনে বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে।

এদিকে শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৫৭ শতাংশ। এ সময় পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইছিল, যা দমকা আকারে ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৬টা ৯ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৭ মিনিটে।

 

Link copied!