নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পুরান টিপরদী মোড় ও নতুন টিপরদী (চৈতী) বাস স্ট্যান্ডের মাঝামাঝি রাজধানী হোটেল সংলগ্ন স্থানে নির্মিত ফুটওভার ব্রিজটি নিয়ে স্থানীয়দের মাঝে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। তাদের অভিযোগ, যেখানে ব্রিজটি নির্মাণ করা হয়েছে, সেখানে পথচারীর সংখ্যা খুবই কম—ফলে এর কার্যকারিতা প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, গুরুত্বপূর্ণ দুটি ব্যস্ততম পয়েন্ট—পুরান টিপরদী মোড় এবং নতুন টিপরদী (চৈতী) বাস স্ট্যান্ড এলাকায় প্রতিদিন হাজার হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে মহাসড়ক পারাপার করছেন। অথচ এই দুই জনবহুল স্থানে ফুটওভার ব্রিজ না দিয়ে অপেক্ষাকৃত কম ব্যবহৃত স্থানে এটি নির্মাণ করা হয়েছে।
স্থানীয়দের দাবি, বর্তমানে যেখানে ফুটওভার ব্রিজটি স্থাপন করা হয়েছে, সেখানে সারাদিনে আনুমানিক ১০০ জনেরও কম মানুষ এটি ব্যবহার করেন। অপরদিকে, পাশের দুইটি ব্যস্ত বাস স্ট্যান্ড এলাকায় প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে। প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে, এমনকি মাঝে মাঝে প্রাণহানির ঘটনাও ঘটছে বলে জানান তারা।
এ বিষয়ে পথচারীরা জানান, “যেখানে মানুষের চলাচল বেশি, সেখানে ফুটওভার ব্রিজ থাকলে দুর্ঘটনা অনেকটাই কমে যেত। কিন্তু ভুল পরিকল্পনার কারণে এখনো আমাদের জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হতে হচ্ছে।”
এ বিষয়ে বক্তব্য জানতে নারায়ণগঞ্জ জেলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর কার্যালয় (শিমরাইল)-এর ফোন নম্বর ০১৭৩০-৭৮২৬০৬ এবং তত্ত্বাবধায়ক প্রকৌশলী, সওজ, সড়ক সার্কেল, নারায়ণগঞ্জ-এর মোবাইল নম্বর +৮৮০১৭৩০৭৮২৬৯৮-এ একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
তাই দ্রুত সময়ের মধ্যে বর্তমান স্থান থেকে ফুটওভার ব্রিজটি সরিয়ে পুরান টিপরদী মোড় বা নতুন টিপরদী (চৈতী) বাস স্ট্যান্ড এলাকায় স্থাপন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী ও সাধারণ পথচারীরা।
কালের সমাজ/ কে.পি

