ব্রাহ্মণবাড়িয়ায় ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ মাহবুব শ্যামল।
শনিবার (১১ এপ্রিল) সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া উপজেলা পরিষদ পশ্চিম মেড্ডা সি অফিস প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে।
মেলায় শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক প্রকল্প এবং চারুকলা প্রদর্শন করে। এসব প্রদর্শনীতে নতুন নতুন ধারণা ও সৃজনশীলতার প্রকাশ ঘটায় শিক্ষার্থীরা, যা উপস্থিত দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে।
এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের এমপি ইঞ্জিনিয়ার খালেদ মাহাবুব শ্যামল,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল ইসলাম খোকন, এবি এম মমিনুল হক।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইঞ্জিনিয়ার খালেদ মাহবুব শ্যামল শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক হয়ে গড়ে ওঠার আহ্বান জানান এবং প্রযুক্তি শিক্ষার প্রসারে সবাইকে একযোগে কাজ করার গুরুত্ব তুলে ধরেন।

তিনি বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন ছাড়া দেশের অগ্রগতি সম্ভব নয়। তাই তরুণ প্রজন্মকে এ খাতে আরও আগ্রহী করে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
কালের সমাজ/এসআর

