ঢাকা শুক্রবার, ০৮ মে, ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়া সরকারি হাসপাতালে বিরল সাফল্য, অন্তঃসত্ত্বার পেট থেকে বিশাল টিউমার অপসারণ

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া | মে ৭, ২০২৬, ০৭:৩৩ পিএম ব্রাহ্মণবাড়িয়া সরকারি হাসপাতালে বিরল সাফল্য, অন্তঃসত্ত্বার পেট থেকে বিশাল টিউমার অপসারণ

ব্রাহ্মণবাড়িয়ার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ৫ মাসের অন্তঃসত্ত্বা এক নারীর শরীর থেকে অস্ত্রোপচারের মাধ্যমে প্রায় ৫ কেজি ওজনের একটি বড় টিউমার সফলভাবে অপসারণ করেছেন চিকিৎসকেরা। জটিল ও ঝুঁকিপূর্ণ এ অস্ত্রোপচারের পর মা ও গর্ভের সন্তান দুজনই সুস্থ রয়েছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

বুধবার (৬ মে) হাসপাতালের অপারেশন থিয়েটারে এ অস্ত্রোপচার সম্পন্ন হয়। এতে নেতৃত্ব দেন সিনিয়র কনসালট্যান্ট ডা. শরীফ মাসুমা ইসমাত। তাঁর সঙ্গে ছিলেন সহকারী সার্জন ডা. তাসনুভা সায়েদ, অ্যানেসথেটিস্ট ডা. অপূর্ণা এবং সহকারী এসএসএন অনামিকা।

হাসপাতাল সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া শহরের মেড্ডা সিএ অফিস এলাকার বাসিন্দা ইঞ্জিনিয়ার সোহান মিয়ার স্ত্রী জান্নাত মাহবুব (২৪) গত রোববার (৩ মে) রাত ১০টার দিকে উপরের পেটে তীব্র ব্যথা নিয়ে হাসপাতালের গাইনি বিভাগে ভর্তি হন। পরদিন আল্ট্রাসনোগ্রাম পরীক্ষায় তাঁর পেটে প্রায় ২০×২৪ সেন্টিমিটার আকারের একটি বড় টিউমার শনাক্ত হয়। একই সঙ্গে চিকিৎসকেরা জানতে পারেন, তিনি ৫ মাসের অন্তঃসত্ত্বা।

রোগীর জটিল শারীরিক অবস্থা বিবেচনায় চিকিৎসকেরা তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। তবে পরিবারের পক্ষ থেকে ঢাকায় না নেওয়ার সিদ্ধান্ত জানানো হলে হাসপাতালেই অস্ত্রোপচারের প্রস্তুতি নেওয়া হয়। হাসপাতালের গাইনি বিভাগের সহকারী অধ্যাপক ডা. তাসনুভা সায়েদ বলেন,রোগী অন্তঃসত্ত্বা হওয়ায় অস্ত্রোপচারটি অত্যন্ত

ঝুঁকিপূর্ণ ছিল। তাঁকে ঢাকায় রেফার করা হয়েছিল। কিন্তু রোগীর পরিবার রাজি না হওয়ায় সম্মতি নিয়ে আমরা অস্ত্রোপচার করি। এটি আমাদের জন্য বড় চ্যালেঞ্জ ছিল। আল্লাহর রহমতে সফলভাবে টিউমারটি অপসারণ করা সম্ভব হয়েছে। তিনি আরও বলেন,অস্ত্রোপচারের পর রোগী সুস্থ আছেন। সবচেয়ে স্বস্তির বিষয় হলো, গর্ভের ৫ মাসের শিশুটিও ভালো আছে।রোগীর স্বামী ইঞ্জিনিয়ার সোহান মিয়া বলেন,

চিকিৎসকেরা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে আমার স্ত্রীর অস্ত্রোপচার সম্পন্ন করেছেন। ঢাকায় নেওয়ার পরামর্শ থাকলেও আমরা এখানেই চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত নিই। বর্তমানে আমার স্ত্রী ও গর্ভের সন্তান দুজনই ভালো আছেন। সরকারি হাসপাতালে ভালো চিকিৎসা সম্ভব, আমরা তার বাস্তব প্রমাণ পেয়েছি। চিকিৎসকেরা জানান, ৫ মাসের অন্তঃসত্ত্বা নারীর শরীর থেকে এ ধরনের বড় টিউমার অপসারণ এ হাসপাতালে অত্যন্ত বিরল ঘটনা। সফল এ অস্ত্রোপচার ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের চিকিৎসাসেবায় একটি উল্লেখযোগ্য সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।

 

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!