ঢাকা রবিবার, ১০ মে, ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

কুলিয়ারচরে আয়েশা রাজ্জাক ফাউন্ডেশনের ২১তম বৃত্তি ও পুরস্কার প্রদান

জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ | মে ১০, ২০২৬, ০৮:৩৭ পিএম কুলিয়ারচরে আয়েশা রাজ্জাক ফাউন্ডেশনের ২১তম বৃত্তি ও পুরস্কার প্রদান

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা উপজেলার ছয়সূতি ইউনিয়নের ষোলরশি গ্রামে আয়েশা রাজ্জাক ফাউন্ডেশনের উদ্যোগে ২১তম ফাউন্ডেশন বৃত্তি ও পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ মে) বিকাল ৫টায় ফাউন্ডেশনের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়াসিন খন্দকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রেজাউ ই রাব্বী, কুলিয়ারচর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও আয়েশা রাজ্জাক ফাউন্ডেশনের নিরীক্ষক পীযূষ কান্তি ঘোষ, উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম বিপ্লব এবং বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন আয়েশা রাজ্জাক ফাউন্ডেশনের সভাপতি মোস্তাক আহমেদ মঞ্জু। বক্তব্যে তিনি বলেন, “একটি শিক্ষিত সমাজ গঠনে মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো অত্যন্ত জরুরি। শিক্ষার্থীদের উৎসাহ ও অনুপ্রেরণা দিতে আয়েশা রাজ্জাক ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে বৃত্তি ও পুরস্কার প্রদান কার্যক্রম পরিচালনা করে আসছে।
ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়েশা রাজ্জাক ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ কামরুজ্জামান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলাকুপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহবুব আলম।

পরে অনুষ্ঠান শেষে ট্যালেন্ট পুল ও সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী, সার্টিফিকেট এবং নগদ অর্থ তুলে দেন অতিথিবৃন্দ। এসময় শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

এ সময় বক্তারা বলেন, শিক্ষার প্রসার এবং মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক ভূমিকা রাখছে। অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

কালের সমাজ/কে.পি

Link copied!