ঢাকা শনিবার, ১৬ মে, ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩

কক্সবাজার জেলা বিএনপির নেতৃত্বের আলোচনায় যারা

জেলা প্রতিনিধি, কক্সবাজার | মে ১৫, ২০২৬, ০৯:৩৩ পিএম কক্সবাজার জেলা বিএনপির নেতৃত্বের আলোচনায় যারা

কক্সবাজার জেলা বিএনপির নতুন কমিটি গঠনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে এখন চলছে নানা আলোচনা ও জল্পনা-কল্পনা। দীর্ঘ ১৭ বছর আগে, অর্থাৎ ২০০৯ সালের সর্বশেষ সম্মেলনে শাহাজাহান চৌধুরী সভাপতি এবং এড. শামীম আরা স্বপ্না সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান।

এরপর দীর্ঘ সময় ধরে জেলা কমিটির নেতৃত্ব দিয়েছেন শাহজাহান চৌধুরী ও শামীম আরা স্বপ্না। দুই জনই এখন সংসদ সদস্য। ফলে দলীয় কার্যক্রমকে গতিশীল করতে খুব শীঘ্রই জেলা কমিটি ঘোষনা হতে পারে বলে জানিয়েছেন জেলা বিএনপির একটি সূত্র।

দলীয় সূত্রে জানা যায়, দীর্ঘ এই সময়ে বিশেষ করে ১৭ বছরের আওয়ামী লীগ শাসনামলে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সংগঠন টিকিয়ে রাখা ও কার্যক্রম সচল রাখার ক্ষেত্রে বর্তমান জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলে দলীয় পর্যায়ে আলোচনা রয়েছে। বর্তমানে নতুন কমিটি গঠনের প্রক্রিয়া সামনে আসায় আবারও সক্রিয় হয়েছে স্থানীয় ও কেন্দ্রীয় রাজনীতির হিসাব-নিকাশ।

দীর্ঘ বিরতির পর দলকে পুনর্গঠনের অংশ হিসেবে কেন্দ্রীয় পর্যায় থেকে জেলা শহর থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত নতুনভাবে কমিটি সাজানোর পরিকল্পনা চলছে বলে জানা যায়।

দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এ বিষয়ে সার্বিক সমন্বয় করছেন। জেলা বিএনপির সভাপতি পদে কেন্দ্রীয় বিএনপির সদস্য সাবেক এমপি সহিদুজ্জামান এবং জেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক নুরুল বশর চৌধুরীর নাম আলোচনায় রয়েছে। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জামিল ইব্রাহিম, জেলা শ্রমিকদলের সভাপতি ও জেলা বিএনপির বর্তমান সহ সাংগঠনিক সম্পাদক সাবেক পৌর প্যানেল মেয়র রফিকুল ইসলাম, জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক অধ্যাপক আজিজুর রহমান এবং উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী’র নাম শোনা যাচ্ছে।

দলীয় একাধিক সিনিয়র নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, আসন্ন কমিটিতে অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং তৃণমূলের গ্রহণযোগ্যতাকে গুরুত্ব দেওয়া হতে পারে। তবে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ফলে সম্ভাব্য নেতৃত্ব নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আগ্রহ ও আলোচনা অব্যাহত রয়েছে।
 

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!