সৌদি আরবে পৌঁছেছেন ৫৭ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী। এখন পর্যন্ত ১৪৮টি ফ্লাইটে মোট ৫৭ হাজার ৫২৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন বলে জানিয়েছে বাংলাদেশ হজ অফিস।
বাংলাদেশ হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন জানান, বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১০টা পর্যন্ত এসব ফ্লাইট জেদ্দায় অবতরণ করেছে।
হজ বুলেটিন অনুযায়ী, এ পর্যন্ত স্বাভাবিক কারণে ১৪ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ১০ জন পুরুষ ও ৪ জন নারী। এর মধ্যে ১১ জন মক্কায় এবং ৩ জন মদিনায় মারা গেছেন।
এদিকে, সৌদি মেডিকেল টিম এখন পর্যন্ত ২৮ হাজার ৬৬৯ জন হজযাত্রীকে চিকিৎসাসেবা দিয়েছে। পাশাপাশি আইটি হেল্পডেস্কের মাধ্যমে ১৬ হাজার ৪৩০ জন সেবা পেয়েছেন।
হজ অফিস সূত্রে জানা গেছে, চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজ পালন করবেন।
এ বছর হজ কার্যক্রম পরিচালনায় ৬৬০টি এজেন্সি কাজ করছে। এর মধ্যে ৩০টি লিড এজেন্সি এবং ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি রয়েছে।
এয়ারলাইনভিত্তিক তথ্য অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৭৩টি ফ্লাইটে ২৮ হাজার ৮৩৪ জন, সৌদি এয়ারলাইন্সের ৫৩টি ফ্লাইটে ২০ হাজার ২৩৬ জন এবং ফ্লাইনাসের ২২টি ফ্লাইটে ৮ হাজার ৪৫৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। বাকি ২০ হাজার ৮৫২ জন যাত্রী পর্যায়ক্রমে নির্ধারিত ফ্লাইটে সৌদি আরবে যাবেন।
উল্লেখ্য, চলতি বছরের প্রথম হজ ফ্লাইট ১৭ এপ্রিল রাত ১১টা ৫৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশে ছেড়ে যায়। প্রধানমন্ত্রী তারেক রহমান ওই ফ্লাইটের উদ্বোধন করেন।
সৌদি দূতাবাস জানিয়েছে, এখন পর্যন্ত ৭৮ হাজার ৩৭৮টি হজ ভিসা ইস্যু করা হয়েছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৪৫৫টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯২৩টি ভিসা রয়েছে। আগামী ৩০ মে থেকে ফিরতি হজ ফ্লাইট শুরু হবে।
কালের সমাজ/কে.পি

