ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেছেন জেলা প্রশাসক (ডিসি) মো. সাইফুর রহমান।
বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে তিনি ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করে অফিসের সার্বিক কার্যক্রম, ভূমিসেবা প্রদান কার্যক্রম এবং সেবাগ্রহীতাদের জন্য থাকা সুযোগ-সুবিধার বিষয়ে খোঁজখবর নেন। এ সময় ভূমি–সংক্রান্ত সেবা আরও সহজ, দ্রুত ও জনবান্ধব করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।
পরিদর্শনকালে জেলা প্রশাসক ভূমি অফিসে আগত সেবাগ্রহীতাদের সঙ্গেও কথা বলেন। তাঁদের বিভিন্ন সমস্যা ও সেবাপ্রাপ্তির অভিজ্ঞতা সম্পর্কে জানতে চান এবং সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসাইন, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ফিরোজ আহমেদ, ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা শফিক আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, জেলা প্রশাসকের এ পরিদর্শনের মাধ্যমে ইউনিয়ন ভূমি অফিসের সেবার মান আরও উন্নত হবে এবং সাধারণ মানুষের জন্য ভূমিসেবা গ্রহণের প্রক্রিয়া আরও কার্যকর ও সহজ হবে।
কালের সমাজ/কে.পি

