ঢাকা বুধবার, ০৩ জুন, ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

লামায় পাহাড় কাটার অভিযোগ

জেলা প্রতিনিধি, বান্দরবান | মে ২৩, ২০২৬, ০৪:৫৪ পিএম লামায় পাহাড় কাটার অভিযোগ

পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলা-এ পরিবেশ আইন অমান্য করে অবৈধভাবে পাহাড় কাটার অভিযোগ উঠেছে। অভিযোগটি উঠেছে বাংলাদেশ জাতীয় পার্টির সাবেক প্রেসিডিয়াম সদস্য মুসা কলিমউল্লাহ কিসলুর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কুমারী চাককাটা এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, মুসা কলিমউল্লাহ কিসলুর মালিকানাধীন বাগান এলাকায় এস্কেভেটর (ভেকু) ব্যবহার করে ব্যাপকভাবে পাহাড় কাটা হচ্ছে। পাহাড় কেটে সেখানে যাতায়াতের রাস্তা এবং মাছ চাষ প্রকল্পের জন্য বাঁধ নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

শনিবার (২৩ মে) সকালে সরেজমিনে অনুসন্ধানে গিয়ে দেখা যায়, পাহাড় কেটে বিপুল পরিমাণ মাটি অপসারণ করে প্রশস্ত রাস্তা তৈরি করা হয়েছে। এতে পাহাড়ের স্বাভাবিক গঠন বিনষ্ট হয়ে পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। স্থানীয়দের মতে, সামান্য বৃষ্টিতেই এলাকায় পাহাড় ধসের ঝুঁকি সৃষ্টি হতে পারে।

এ বিষয়ে অভিযুক্ত মুসা কলিমউল্লাহ কিসলু বলেন, বাগানে যাতায়াতের সুবিধার জন্য রাস্তা এবং মাছের প্রকল্পের জন্য বাঁধ নির্মাণ করা হচ্ছে। ইটভাটায় অবাধে পাহাড় কাটা হলেও সেখানে কোনো সমস্যা হয় না বলে তিনি দাবি করেন। পরিবেশ অধিদপ্তরের অনুমোদন নেওয়া হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, “সবার জন্য ছাড়পত্র লাগে না।”

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, কোনো ধরনের প্রশাসনিক অনুমতি ছাড়াই বেপরোয়াভাবে পাহাড় কাটা চলছে। এতে পাহাড়ি অঞ্চলের প্রাকৃতিক ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা অবিলম্বে পাহাড় কাটা বন্ধ করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।পরিবেশবিদদের মতে, পাহাড় কাটা শুধু পরিবেশ ধ্বংসই নয়, এটি পাহাড় ধস, ভূমিক্ষয় এবং জীববৈচিত্র্য নষ্টের অন্যতম কারণ। পার্বত্য অঞ্চলে অপরিকল্পিত পাহাড় কাটার ফলে বর্ষা মৌসুমে বড় ধরনের মানবিক বিপর্যয়ের ঝুঁকি তৈরি হয়।

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী, অনুমোদন ছাড়া পাহাড় কাটা দণ্ডনীয় অপরাধ। একই সঙ্গে পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়া এ ধরনের কার্যক্রম নিষিদ্ধ এবং এতে জরিমানা, কারাদণ্ড বা উভয় দণ্ডের বিধান রয়েছে। এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর, বান্দরবান-এর উপপরিচালক নূর হাসান সজিব বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

কালের সমাজ/কে.পি

Link copied!