সোমবার( ৮ জুন) সুনামধন্য প্রতিষ্ঠান হলেও গ্রাহকস্বার্থে অবহেলা ও মেয়াদোত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রির অভিযোগে মৌলভীবাজার সদর উপজেলার কোর্ট রোডে অবস্থিত ‘মিঠাই’ (প্রাণ আরএফএল গ্রুপের আউটলেট) কে ২০,০০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
গোপন সংবাদের ভিত্তিতে তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায়। প্রতিষ্ঠানের ম্যানেজার ও এরিয়া ম্যানেজার লিখিতভাবে স্বীকার করেন এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার আশ্বাস দেন। এর পরিপ্রেক্ষিতে এ জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এ অভিযান পরিচালনা করেন।
তিনি জানান, ‘মিঠাই’ একটি স্বনামধন্য প্রতিষ্ঠান হলেও তাদের বিপরীতে গ্রাহকদের মৌখিক অভিযোগও ছিল। এ ধরনের সেবা কোনোভাবেই কাম্য নয়।
আল-আমিন আরও জানান, ভবিষ্যতে যদি পুনরায় অবহেলা কিংবা মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির প্রমাণ পাওয়া যায়, তাহলে প্রতিষ্ঠানটি সিলগালা করে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার মনিটরিং কার্যক্রম নিয়মিত চলমান থাকবে বলে তিনি নিশ্চিত করেন।
কালের সমাজ/কে.পি

