আগামীকাল ১৭ জুন (বুধবার) শ্রীমঙ্গল ও রাজনগর সফরে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামেলি কার্ড বিতরণ কার্যক্রমের তৃতীয় পর্যায়ের উদ্বোধন করবেন তিনি।
সফর উপলক্ষে মঙ্গলবার (১৬ জুন) সকালে মাঠ পরিদর্শন করেছেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী। এ সময় ঢাকার ইভেন্ট ম্যানেজমেন্টের প্রতিনিধি ও স্থানীয় বিএনপি নেতারা উপস্থিত ছিলেন। মাঠে ইতিমধ্যে মাটি ভরাট, রং, মঞ্চ নির্মাণ ও সৌন্দর্যবর্ধনের কাজ সম্পন্ন হয়েছে। পৌর এলাকার পুরনো ব্যানার-পোস্টার অপসারণ করেও পরিপাটি করা হয়েছে পরিবেশ।
বিএনপির নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে মির্জাপুর ইউনিয়নের ১৫৫ জন উপকারভোগীর মাঝে এসব কার্ড বিতরণ করা হবে। অনুষ্ঠান শেষে তিনি রাজনগরেও যাবেন বলে জানিয়েছেন সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান উপজেলার বিভিন্ন শ্রেণির মানুষের হাতে নগদ অর্থ ও অনুদানের চেক তুলে দেবেন— ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত ৫ জনকে ৫০ হাজার টাকা করে,ক্ষুদ্র জাতিসত্ত্বা ও নৃগোষ্ঠীর ৫ জনকে জীবনমান উন্নয়নে ১০ হাজার টাকা করে এককালীন আর্থিক অনুদান,একই সম্প্রদায়ের ৫ জন শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে এককালীন অনুদান,দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীন ১০০ জনকে ১০ হাজার টাকা করে বিশেষ অনুদান,টেকসই আবাসনের জন্য ৫ জন চা-শ্রমিকের হাতে ২ লক্ষ টাকা করে বরাদ্দপত্র তুলে দেবেন তিনি।
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন জারু জানান, সফল আয়োজনে সব ধরনের প্রস্তুতি দ্রুতগতিতে সম্পন্ন করা হয়েছে। প্রধানমন্ত্রীকে একনজর দেখতে উপজেলার লাখো মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে। তিনি বলেন, “আজ থেকে আটচল্লিশ বছর পূর্বে তারেক রহমানের পিতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই একই মাঠে জনসভা করেছিলেন। পিতার পদধূলিত স্মৃতিবিজড়িত এ মাঠেই আজ আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।” সব মিলিয়ে ঐতিহাসিক সেই মাঠে পিতার পদচিহ্নে হেঁটে মানবিক এই উদ্যোগের মাধ্যমে শ্রীমঙ্গলবাসীর সঙ্গে মিলিত হতে চলেছেন বিএনপির এই শীর্ষ নেতা।
কালের সমাজ/কে.পি

