ব্রাহ্মণবাড়িয়ায় শব্দদূষণ নিয়ন্ত্রণে হাইড্রোলিক হর্ন ব্যবহারকারীদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে জেলা পুলিশ। সামাজিক সংগঠন ঢেউ-এর ৭ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচির কয়েক ঘণ্টার মধ্যেই এ অভিযান শুরু হয়।
সংগঠনের আহবায়ক সোহেল আহাদ জানান, গতকাল (রবিবার) ব্রাহ্মণবাড়িয়া শহরে ৭ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে একটি স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি দেওয়ার প্রায় তিন ঘণ্টার মধ্যেই জেলা পুলিশ হাইড্রোলিক হর্ন ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা শুরু করে।
ঢেউ`র নেতৃবৃন্দ বলেন,আমাদের ৭ দফা দাবির মধ্যে ৭ নম্বর দাবিটি ছিল শব্দদূষণ রোধ, হাইড্রোলিক হর্ন বন্ধ এবং অটোরিকশা ও ইজিবাইকের ব্যাটারিচালিত শব্দদূষণ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ। দীর্ঘদিন ধরে আমরা এ বিষয়ে জনসচেতনতা তৈরিতে কাজ করছি। জেলা পুলিশের দ্রুত পদক্ষেপে আমাদের ৭ দফা দাবির অন্তত একটি বাস্তবায়নের পথে অগ্রগতি শুরু হয়েছে। এমন কার্যকর পদক্ষেপ নেয়ার ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ প্রশংসার দাবিদার।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ওবায়দুর রহমান সামাজিক সংগঠন ঢেউ`র যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আহাদকে জানান, রবিবার বিকেলে হাইড্রোলিক হর্ন ব্যবহার করার দায়ে দুটি বাস ও দুটি ট্রাকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তিনি আরও জানান, সোমবারও এ অভিযান অব্যাহত থাকবে এবং শব্দ দূষণ নিয়ন্ত্রণে জেলা পুলিশের তৎপরতা চলমান থাকবে।
সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, শুধু হাইড্রোলিক হর্ন নয়, শব্দদূষণ সৃষ্টিকারী সব ধরনের অবৈধ যন্ত্রের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হলে নগরবাসী স্বস্তি পাবে এবং পরিবেশও সুরক্ষিত থাকবে।
কালের সমাজ/কে.পি

