‘তরুণদের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজই এগিয়ে নেবে আগামী প্রজন্ম’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের নগরকান্দায় বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। দিবসটি বিশ্বব্যাপী প্রতি বছর ১১ জুলাই পালন করা হয়। ১২ জুলাই রবিবার উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা সভায় বক্তব্য দেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস. এম. ইব্রাহিম খলিল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ইকবাল হোসেন। আলোচনা সভায় বক্তারা বলেন, সুস্থ, সচেতন ও দক্ষ তরুণ প্রজন্ম গড়ে তুলতে পরিবার পরিকল্পনা, মাতৃস্বাস্থ্য, কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা এবং জনসচেতনতা বৃদ্ধির বিকল্প নেই।
দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে তরুণদের শিক্ষা, স্বাস্থ্য ও সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠান শেষে পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদান রাখা কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়। এ সময় উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কালের সমাজ/কে.পি

