ঢাকা সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩

মুকসুদপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা

মুকসুদপুর প্রতিনিধি, গোপালগঞ্জ | আগস্ট ২৩, ২০২৬, ০৮:৪৫ পিএম মুকসুদপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা

মাদককে না বলুন, সুষ্ঠ সুন্দর সমাজ গড়ুন এই শ্লোগানের আলোকে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৩ আগস্ট) বিকেলে উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে ঢাকা-খুলনা মহাসড়কে এ মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি স্কুল-কলেজের শিক্ষার্থী, অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যক্তি ও যুবসমাজের প্রতিবাদী জনতা অংশগ্রহণ করেন।

র‍্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল ছালাম খান, সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম রাজু, দপ্তর সম্পাদক আবদুল কাইয়ুম শরীফ, গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ওবায়দুল ইসলাম, সদস্য সচিব এম মিঠু লস্কর, মুকসুদপুর উপজেলা বিএনপির কৃষিবিষয়ক সম্পাদক মোঃ বাচ্চু শেখ, মফিজুর রহমান ফরিদ মুন্সি, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহফুজ হাসান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কাজী হাসিব রানাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। মাদকের ভয়াবহতা থেকে যুবসমাজ ও শিক্ষার্থীদের রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাদকবিরোধী সামাজিক আন্দোলন আরও জোরদার করার আহ্বান জানান তারা।
এ সময় উপস্থিত শিক্ষার্থী, অভিভাবক ও যুবসমাজ মাদককে না বলার এবং মাদকমুক্ত সমাজ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!