বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মিজ মামাচিংকে ফুল দিয়ে বরণ ও গণসংবর্ধনা দিয়েছে জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
রোববার (২৩ আগস্ট) বান্দরবান জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জেলা সদরে এসে আনন্দ মিছিল ও গণসংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন। এ সময় নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান মিজ মামাচিংকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান তারা।
বান্দরবান জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব জাবেদ রেজার নির্দেশনায় বান্দরবান সদরসহ নাইক্ষ্যংছড়ি, লামা, আলীকদম, রুমা, থানচি ও রোয়াংছড়ি উপজেলা থেকে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে যোগ দেন।
অনুষ্ঠানে জেলা পরিষদের নবনির্বাচিত সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন চনুমং, মংকানু মারমা, লুসাই মং, মাওসেতং তংচংগ্যা, দনওয়াই ম্রো, আগষ্টিন ত্রিপুরা, অজাই উইচাক, রিয়াল দাও বম, আবদুল মাবুদ, মশিউর রহমান, জসিম উদ্দিন, ক্যউপ্রু খিয়াং, উম্যাসিং মার্মা ও মিজ কাজী নিরুতাজ বেগম।
গণসংবর্ধনা ও শুভেচ্ছা বিনিময় শেষে নেতাকর্মীদের জন্য হিলভিউ কনভেনশন সেন্টারে ভোজের আয়োজন করা হয়।
এ সময় নেতাকর্মীরা নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের অভিনন্দন জানিয়ে বান্দরবান পার্বত্য জেলার উন্নয়ন, শান্তি ও সম্প্রীতি বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানকে ঘিরে জেলা শহরে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
কালের সমাজ/কে.পি

