চলতি আগস্টের প্রথম ২২ দিনে দেশে ২১৪ কোটি ৭৪ লাখ ৮০ হাজার মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২৬ হাজার ৪১৪ কোটি ৪০ হাজার টাকা। প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে এই হিসাব করা হয়েছে।
রোববার (২৩ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, আগস্টের প্রথম ২২ দিনে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৫১ কোটি ৭৪ লাখ ৮০ হাজার ডলার। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৫ কোটি ৭৮ লাখ ৪০ হাজার ডলার। এছাড়া বিশেষায়িত ব্যাংকগুলো পেয়েছে ২৬ কোটি ৭৬ লাখ ৭০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকের শাখাগুলোর মাধ্যমে এসেছে ৪৪ লাখ ৮০ হাজার ডলার।
ব্যাংকভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। এই ব্যাংকের মাধ্যমে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৪৩ কোটি ৭ লাখ ডলার।
দ্বিতীয় সর্বোচ্চ ২৪ কোটি ৫ লাখ ডলার এসেছে বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে। এরপর ব্র্যাক ব্যাংকের মাধ্যমে ১৮ কোটি ৭৮ লাখ ৫০ হাজার ডলার, অগ্রণী ব্যাংকের মাধ্যমে ১৩ কোটি ৫১ লাখ ডলার, ট্রাস্ট ব্যাংকের মাধ্যমে ১১ কোটি ৮৪ লাখ ১০ হাজার ডলার এবং সোনালী ব্যাংকের মাধ্যমে ১১ কোটি ৬০ লাখ ১০ হাজার ডলার দেশে এসেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আগস্টের প্রথম ২২ দিনে প্রবাসী আয়ের এই প্রবাহ দেশের বৈদেশিক মুদ্রার বাজারে ইতিবাচক প্রভাব রাখছে।
কালের সমাজ/কে.পি

