ঢাকা সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩

কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার

কালের সমাজ ডেস্ক | আগস্ট ২৩, ২০২৬, ০৯:১০ পিএম কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার

ই-মেইলের মাধ্যমে রাজধানীর বিভিন্ন বিদেশি দূতাবাস ও সরকারি দপ্তরে হুমকির ঘটনায় ঢাকার কূটনৈতিক এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিশেষ করে গুলশান ও বারিধারা এলাকার দূতাবাসগুলোতে বাড়ানো হয়েছে নজরদারি।

কূটনৈতিক এলাকার নিরাপত্তায় নিয়মিত পোশাকের পাশাপাশি সাদা পোশাকেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট ও টহল কার্যক্রম বাড়ানো হয়েছে।

ডিএমপির কূটনৈতিক নিরাপত্তা বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) আবু খায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, হুমকি ও চাঁদা দাবির ঘটনায় কূটনৈতিক এলাকায় আগের তুলনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। দূতাবাসগুলোর সামনে নজরদারি বাড়ানোর পাশাপাশি কুইক রেসপন্স টিমগুলোকে প্রস্তুত রাখা হয়েছে।

সম্প্রতি ঢাকার কয়েকটি বিদেশি দূতাবাস ও সরকারি দপ্তরে ই-মেইলের মাধ্যমে হুমকি দেওয়ার ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) কর্মকর্তাদের সঙ্গে সংশ্লিষ্ট দূতাবাসগুলোর প্রতিনিধিদের বৈঠক হয়েছে।

হুমকির বিষয়টি সামনে আসার পর ঘটনাগুলো নিয়ে তদন্ত শুরু করেছে সিটিটিসি। হুমকির পেছনে কারা রয়েছে এবং এর উদ্দেশ্য কী, তা খতিয়ে দেখছেন তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা।

কালের সমাজ/কে.পি

Link copied!