নোয়াখালীর সুবর্ণচরে বেপরোয়া গতিতে চলার সময় ‘বাঁধন’ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেছে। এতে বাসে থাকা প্রায় ১২ যাত্রী আহত হয়েছেন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে সোনাপুর–সুবর্ণচর সড়কের হারিছ চৌধুরী বাজারের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বাঁধন পরিবহনের বাসটি চট্টগ্রাম থেকে সুবর্ণচরের উদ্দেশে আসছিল। সোনাপুর–সুবর্ণচর সড়কে প্রবেশের পর বাসটির গতি ছিল অনেক বেশি। পরে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে উল্টে যায়। এদিকে, দুর্ঘটনার পর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় বাসের ভেতর থেকে যাত্রীদের উদ্ধার করে। তবে ঘটনাস্থলে বাসের চালক ও হেলপারকে পাওয়া যায়নি বলে জানা গেছে।
দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী এক যাত্রী জানান, চট্টগ্রাম থেকে আসার পর সোনাপুর–সুবর্ণচর সড়কে প্রবেশ করলে বাসটির গতি ছিল অনেক বেশি। একপর্যায়ে হেলপার বাসটি চালাচ্ছিলেন বলেও দাবি করেন তিনি। তার ভাষ্য, অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়।
আরেক প্রত্যক্ষদর্শী জানান, দুর্ঘটনার কিছুক্ষণ আগে তিনি বাঁধন বাসটিকে বেপরোয়া গতিতে চলতে দেখেছেন। বাসটি তার অটোরিকশাসহ কয়েকটি গাড়িকে দ্রুতগতিতে ওভারটেক করে চলে যায়। অল্পের জন্য তারাও দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন বলে জানান তিনি।
সুবর্ণচর ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিসের সদস্যরা। তবে তারা পৌঁছানোর আগেই বাসের সব যাত্রী বের হয়ে যান। প্রাথমিকভাবে অতিরিক্ত গতির কারণেই বাসটি দুর্ঘটনার কবলে পড়েছে বলে ধারণা করা হচ্ছে।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান জানান, বাঁধন পরিবহনের বাস দুর্ঘটনার খবর পেয়ে থানার কর্তব্যরত পুলিশ ঘটনাস্থলে যায়। দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত বব্যস্থা নেয়া হবে।
কালের সমাজ/এসআর

