ঢাকা বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

ঈশ্বরদীতে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু রোগী: ৭ দিনে হাসপাতালে ভর্তি ১৫

ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি, পাবনা | অক্টোবর ৭, ২০২৬, ০৯:১০ পিএম ঈশ্বরদীতে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু রোগী: ৭ দিনে হাসপাতালে ভর্তি ১৫

পাবনার ঈশ্বরদীতে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। উপজেলার বিভিন্ন এলাকায় প্রতিদিনই নতুন রোগী শনাক্ত হচ্ছেন। গত ১ থেকে ৭ অক্টোবর পর্যন্ত মাত্র, সাতদিনে সরকারি হাসপাতালেই ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৫ জন রোগী ভর্তি হয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, এই সাত দিনে ভর্তি হওয়া ১৫ জন রোগীর মধ্যে চিকিৎসা শেষে ১২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন তিনজন ডেঙ্গু রোগী।

খোঁজ নিয়ে জানা গেছে, কেবল সরকারি হাসপাতালেই নয়, উপজেলার বিভিন্ন বেসরকারি হাসপাতাল, ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারেও ডেঙ্গু আক্রান্ত রোগীরা চিকিৎসা নিচ্ছেন। ফলে প্রকৃত আক্রান্তের সংখ্যা আরও বেশি বলে ধারণা করা হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শোভন পাল জানান, গত ১৫ সেপ্টেম্বরের পর থেকে ঈশ্বরদীতে ডেঙ্গুর সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। গত কয়েক দিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেশ কয়েকজন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

তিনি আরও বলেন, ১ অক্টোবর থেকে ৭ অক্টোবর পর্যন্ত মোট ১৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ১২ জন সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। বর্তমানে তিনজন ভর্তি আছেন এবং তাদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

রোগীদের বর্তমান অবস্থা সম্পর্কে ডা. শোভন পাল জানান, কোনো রোগীর অবস্থা গুরুতর হলে তাকে তাৎক্ষণিকভাবে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার করা হয়। তবে এখন পর্যন্ত ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন কোনো ডেঙ্গু রোগীর অবস্থা সংকটাপন্ন হয়নি এবং ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনাও ঘটেনি। হাসপাতালে ভর্তি রোগীদের নিয়মিত পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।

এদিকে ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনকভাবে বাড়লেও পৌর এলাকায় মশা নিধনে কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় সাধারণ মানুষের মধ্যে তীব্র অসন্তোষ বিরাজ করছে। পৌরবাসীর অভিযোগ, মশার উপদ্রব চরম আকার ধারণ করলেও নিয়মিত ও ফলপ্রসূ মশক নিধন কার্যক্রম পরিচালিত হচ্ছে না। অবিলম্বে ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যকর ও জোরালো পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
কালের সমাজ/কে.পি

Link copied!