কুমিল্লার বরুড়া উপজেলার বড় কৈয়নী এলাকায় বেড়া দিয়ে বন্ধ করে দেওয়া তাসমিয়া আক্তারের পরিবারের চলাচলের রাস্তা খুলে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান রনি। মঙ্গলবার (৬ অক্টোবর) সরেজমিনে গিয়ে তিনি রাস্তার ওপর দেওয়া বেড়া অপসারণ করে পরিবারের স্বাভাবিক চলাচলের ব্যবস্থা করে দেন। এ সময় বরুড়া থানার উপপরিদর্শক (এসআই) সেন্টু, গণমাধ্যমকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এর আগে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে তাসমিয়া আক্তারের পরিবারের বাড়ি থেকে বের হওয়ার চলাচলের পথে বেড়া দেওয়ার অভিযোগ ওঠে। এতে পরিবারটি অনেকটা অবরুদ্ধ হয়ে পড়ে।
পাশাপাশি বিদ্যালয়ে যাতায়াতের সময় তাসমিয়া আক্তারকে সরকারি খালের পানি মাড়িয়ে চলাচল করতে হচ্ছিল। এ নিয়ে সম্প্রতি সংবাদ প্রকাশিত হলে বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে আসে। মঙ্গলবার ঘটনাস্থলে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনি উভয় পক্ষের সঙ্গে কথা বলেন এবং পরিবারের চলাচলের পথটি খুলে দেওয়ার ব্যবস্থা করেন। এতে দীর্ঘদিনের ভোগান্তির সাময়িক অবসান হয়েছে বলে জানিয়েছে পরিবারটি। এদিকে, শুধু চলাচলের রাস্তা খুলে দেওয়াই নয়, বিরোধের স্থায়ী সমাধানের উদ্যোগও নিয়েছেন ইউএনও। জমিজমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে উভয় পক্ষকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বসিয়ে আলোচনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে উভয় পক্ষের সাক্ষী, দলিলপত্র ও অন্যান্য কাগজপত্র যাচাই-বাছাই করে প্রকৃত বিষয়টি নির্ধারণের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হবে।
উপজেলা প্রশাসনের এ উদ্যোগের ফলে জমি সংক্রান্ত বিরোধের কারণে ভবিষ্যতে যেন কোনো পরিবারের চলাচলের পথ বন্ধ বা এ ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে কার্যকর সমাধানের প্রত্যাশা করছেন স্থানীয়রা। তাসমিয়া আক্তারের পরিবারের পক্ষ থেকে চলাচলের রাস্তা খুলে দেওয়ায় উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানানো হয়েছে। একই সঙ্গে জমিজমা সংক্রান্ত বিরোধের স্থায়ী ও শান্তিপূর্ণ সমাধানের আশাবাদ ব্যক্ত করেছেন তারা।
কালের সমাজ/কে.পি

