আমন ধানের জমিতে বিভিন্ন ধরনের পোকামাকড় ও রোগবালাইয়ের আক্রমণ দেখা দেওয়ার আশঙ্কায় আগাম সতর্ক অবস্থানে থাকার পরামর্শ দিয়েছেন কয়রা উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তারা। ধানের ক্ষেতে নিয়মিত নজরদারি, সঠিক পরিচর্যা ও সময়মতো ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমানে অনেক জমিতে আমন ধান শীষ বের হওয়া ও দানা গঠনের পর্যায়ে রয়েছে।
এ সময়ে মাজরা পোকা, বাদামি গাছফড়িংসহ বিভিন্ন পোকামাকড় এবং ব্লাস্ট, পাতাপোড়া ও অন্যান্য রোগের আক্রমণ দেখা দিতে পারে। ফলে কৃষকদের নিয়মিত ধানক্ষেত পরিদর্শনের পরামর্শ দেওয়া হচ্ছে। কয়রা উপজেলা কৃষি উপসহকারী মোহাম্মদ জাকির হোসেন বলেন, “আমন ধানের জমিতে পোকা ও রোগবালাইয়ের লক্ষণ দেখা দিলে কৃষকদের দ্রুত কৃষি বিভাগের পরামর্শ নিতে হবে। অকারণে কীটনাশক ব্যবহার না করে রোগ ও পোকার ধরন শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
পাশাপাশি জমিতে অতিরিক্ত ইউরিয়া প্রয়োগ না করে সুষম সার ব্যবহার এবং নিয়মিত ক্ষেত পর্যবেক্ষণ করতে হবে।” তিনি আরও বলেন, আগাম সতর্কতা ও সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে আমন ধানের উৎপাদন ক্ষতির হাত থেকে রক্ষা করা সম্ভব। কৃষকদের যেকোনো সমস্যা দেখা দিলে স্থানীয় কৃষি উপসহকারী বা উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করার আহ্বান জানান তিনি। কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী, আমন ধানের ফলন ভালো রাখতে নিয়মিত জমি পরিদর্শন, আগাছা পরিষ্কার, সুষম সার প্রয়োগ এবং রোগ-পোকার প্রাথমিক লক্ষণ দেখা মাত্র ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দিচ্ছেন কৃষকরা।
কালের সমাজ/কে.পি

