ঢাকা বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

মানিকগঞ্জে গ্যাসের গোপন মজুত জব্দ ১২৫ সিলিন্ডার

জেলা প্রতিনিধি,মানিকগঞ্জ | অক্টোবর ৭, ২০২৬, ১০:৩৬ পিএম মানিকগঞ্জে গ্যাসের গোপন মজুত জব্দ ১২৫ সিলিন্ডার

মানিকগঞ্জের সাটুরিয়ায় গোপনে মজুত করা প্রায় ১২৫টি গ্যাস সিলিন্ডার জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ ঘটনায় এক ব্যবসায়ীসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। একই অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে ছানা উৎপাদনের দায়ে দুটি প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) সকাল থেকে সাটুরিয়ার বিভিন্ন বাজার ও খাদ্যপণ্য তৈরির প্রতিষ্ঠানে এ অভিযান চালানো হয়। জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেলের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান সংশ্লিষ্টরা জানান, গ্যাসের কৃত্রিম সংকট ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে বিভিন্ন বিক্রয়কেন্দ্রে অভিযান চালানো হয়। এ সময় বাজারে প্রতি সিলিন্ডার গ্যাস ১ হাজার ৯০০ থেকে ২ হাজার টাকা পর্যন্ত বিক্রি হতে দেখা গেছে। এক বিক্রেতার বাড়িতে গোপন গোডাউন থেকে প্রায় ১২৫টি সিলিন্ডার জব্দ করা হয়েছে। পরে সেগুলো সরকার নির্ধারিত ১ হাজার ৮৩৭ টাকা দরে বিক্রির ব্যবস্থা করা হয়। অন্যদিকে, দরগ্রাম এলাকায় ছানা তৈরির দুটি প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশ পাওয়া গেছে। ছানা তৈরিতে ডালডা, তেল ও আটা ব্যবহারের অভিযোগও ওঠেছে। এ ঘটনায় প্রতিষ্ঠান দুটিকে ৮০ হাজার টাকা জরিমানা করে পরিবেশ উন্নয়নে সাত দিন সময় দেওয়া হয়েছে।

অভিযানে চার প্রতিষ্ঠানকে গ্যাস মজুত ও বিক্রিসংক্রান্ত অপরাধে মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, অবৈধভাবে গ্যাস মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি ও অতিরিক্ত দামে বিক্রি করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদন বন্ধেও অভিযান অব্যাহত থাকবে

কালের সমাজ/কে.পি

Link copied!