ঢাকা বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

গ্রামীণ সড়ক রক্ষায় মানিকগঞ্জের ২৩৩ নারী

জেলা প্রতিনিধি,মানিকগঞ্জ | অক্টোবর ৭, ২০২৬, ১০:৩৮ পিএম গ্রামীণ সড়ক রক্ষায়  মানিকগঞ্জের ২৩৩ নারী

মানিকগঞ্জের সাত উপজেলায় গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণে কাজ করছেন ২৩৩ জন দুস্থ ও সুবিধাবঞ্চিত নারী। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) লেবার কন্ট্রাক্টিং সোসাইটি (এলসিএস) কর্মসূচির আওতায় তাঁরা সড়কের দুই পাশ পরিষ্কার, মাটি ভরাট ও ছোটখাটো মেরামতের কাজ করছেন।

এলজিইডির তথ্য অনুযায়ী, জেলার সাত উপজেলার মধ্যে সিংগাইরে সর্বোচ্চ ৪০ জন নারী এ কর্মসূচিতে যুক্ত রয়েছেন। এ ছাড়া সাটুরিয়ায় ৩৪, শিবালয়ে ৩৩, মানিকগঞ্জ সদরে ৩০, দৌলতপুরে ২৭, হরিরামপুরে ২৪ এবং ঘিওরে ৪৫ জন নারী কাজ করছেন।

কর্মসূচির আওতায় প্রত্যেক নারী সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত কাজ করেন। তাঁদের দৈনিক মজুরি ৩৫০ টাকা। এর মধ্যে ২৫০ টাকা নগদ দেওয়া হয় এবং বাকি ১০০ টাকা ভবিষ্যৎ সঞ্চয় হিসেবে জমা রাখা হয়।

জেলার অধিকাংশ গ্রামীণ সড়কের বাঁধ বালুমাটির হওয়ায় বর্ষায় বৃষ্টি ও পানির স্রোতে সড়কের দুই পাশের মাটি ধসে পড়ে। এসব ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত মেরামত করে সড়কের স্থায়িত্ব রক্ষায় ভূমিকা রাখছেন নারী কর্মীরা।

মানিকগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী জামাল উদ্দিন বলেন, প্রাথমিক পর্যায়ে সড়কের ছোটখাটো ভাঙন মেরামত করা গেলে বড় ধরনের ক্ষতি ও সরকারি ব্যয় কমানো সম্ভব।

 

 

Link copied!